ভারতে বিশ্বকাপ খেলার ‘কোনও সুযোগ নেই’: আসিফ নজরুল

Date:

মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার পরও আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন তারা। সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, বাস্তব নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও আইসিসি মূল ঘটনার জায়গায় না গিয়ে কেবল নিয়মতান্ত্রিক নিরাপত্তা প্রক্রিয়ার কথা বলেছে। ফলে এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ তারা দেখছে না।

বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার যে পরিস্থিতির মুখে পড়েছেন, সেটি কোনো অনুমান নয় বরং একটি বাস্তব ও প্রমাণিত ঘটনা। 

‘আমাদের নিরাপত্তা আশঙ্কা কোনো থিওরেটিক্যাল অ্যানালাইসিস থেকে তৈরি হয়নি। যেখানে আমাদের একজন খেলোয়াড় উগ্রবাদীদের চাপে নিরাপত্তা না পেয়ে কার্যত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই দেশেই আবার বিশ্বকাপ খেলতে বলা হচ্ছে, এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?’ প্রশ্ন তোলেন তিনি।

আসিফ নজরুলের অভিযোগ, ওই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করার মতো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। 

‘যে ঘটনা থেকে আমাদের আপত্তির জন্ম, সেই ইনসিডেন্ট নিয়েই আইসিসি কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। তারা শুধু বলছে, স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল আছে। কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে সেই প্রোটোকল কোথায় ছিল, তার কোনো ব্যাখ্যা আমরা পাইনি,’ বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, নিরাপত্তার বিষয়টি শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের সঙ্গে থাকা সাংবাদিক, কর্মকর্তাসহ সম্ভাব্য দর্শকরাও একই ঝুঁকির মধ্যে পড়তে পারেন। 

‘একটি বিশ্বকাপ খেললে আর্থিক বা ক্রীড়াগত লাভ হতে পারে সে কথা ঠিক। কিন্তু মাথা নত করে নিজেদের মানুষকে জেনুইন সিকিউরিটি রিস্কের মধ্যে ঠেলে দিলে যে ক্ষতি হতে পারে, সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে,’ যোগ করেন তিনি।

এই প্রেক্ষাপটে আসিফ নজরুল স্পষ্ট করে দেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। ‘কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কি না, সেটি দেখার দায়িত্ব সরকারের। এটি অন্য কারও বিবেচনার বিষয় নয়। আইসিসি বা অন্য কোনো পক্ষ এই সিদ্ধান্ত বদলাতে পারে না,’ বলেন তিনি।

একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার পেছনে নিরাপত্তাজনিত কারণ ছিল, এ তথ্য জানার পরপরই বিসিবি বিষয়টি আইসিসিকে অবহিত করে।

‘মোস্তাফিজ ইনজুরড ছিলেন না, নিজে নাম প্রত্যাহারও করেননি, বিসিবিও তার এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকেই আমরা বুঝেছি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এটি বড় ধরনের নিরাপত্তা ইস্যু,’ বলেন বুলবুল।

বিসিবির দাবি, অতীতে নিরাপত্তাজনিত কারণে আইসিসি একাধিকবার ভেন্যু পরিবর্তন বা হাইব্রিড মডেল গ্রহণ করেছে। পাকিস্তান ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ তুলে ধরে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করা হয়েছে। তবে হতাশার মধ্যেও বাংলাদেশ পুরোপুরি আশা ছাড়ছে না বলে জানান বিসিবি সভাপতি।

‘আমাদের একটাই চাওয়া, আমরা বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু এই মুহূর্তে আমরা ভারতে খেলতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলতে প্রস্তুত। দল প্রস্তুত আছে, আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব,’ বলেন তিনি।

Popular

More like this
Related

বিশ্বকাপের আগে চোট সমস্যা কাটছেই না অস্ট্রেলিয়ার

চোটের কারণে অলরাউন্ডার প্যাট কামিন্স বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে...

তিন বাহিনীপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন...

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তের...

গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ হবে হবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়

গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে...