ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

Date:

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি করে, বাংলাদেশ তা মেনে নেবে না, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে শোনেনি।

মঙ্গলবার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা অফিসিয়ালি জানি না। তবে যদি ভারতীয় বোর্ডের কাছে নতি স্বীকার করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।”

ভারতে খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি অতীতের নজিরও টানেন। তার ভাষ্য, “এর আগে এমন উদাহরণ আছে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।”

মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে এখন ক্রিকেটের মাঠের বাইরেও নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে বাংলাদেশ। নিজেদের দাবি না মিললে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যেতে পারে বাংলাদেশ, এমন ইঙ্গিতই মিলছে এই বক্তব্যে।

সোমবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয়, তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। মূলত আসরে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে স্কটল্যান্ড এগিয়ে আছে।

তবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে আগামী বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে গত ৪ জানুয়ারি থেকে বিসিবি ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা তাদের ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে।

Popular

More like this
Related

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা...

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি...

দুপুরে হাদির জানাজা, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার...

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

অধিনায়ক সালমান আগা ও উসমান খানের আগ্রাসী ব্যাটিংয়ে মিলল...