ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র পেসার

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে কিছুটা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দলটির পাকিস্তান বংশোদ্ভূত পেসার আলি খান ভারতের ভিসা পাননি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরির মাধ্যমে আলী খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের একটি ছবির ক্যাপশনে তিনি কিছুটা রসিকতা করে লেখেন, ‘ভারতের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে জয়ের জন্য কেএফসি-ই সই।’

৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটক শহরে। ধারণা করা হচ্ছে, তার জন্মস্থান পাকিস্তানে হওয়ার কারণেই ভারত ভ্রমণের অনুমতি পেতে জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক বৈরিতায় ভারতে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণ বাঁধা আছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের স্কোয়াডে অন্যতম ভরসা ছিলেন আলী খান। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের রিশভ পান্ত এবং পাকিস্তানের ফখর জামানের উইকেট শিকার করেছিলেন তিনি। ২০২৬ সালের আসন্ন বিশ্বকাপেও তার দলের মূল পেসার হিসেবে থাকার কথা তার।

তবে আবারও ভিসার আবেদন করা হবে কিনা তা জানা যায়নি। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত অন্য দেশের ক্রিকেটারদের ভারত ভ্রমণে জটিলতায় পড়ার নজির আছে। ইংল্যান্ডের রেহান আহমেদের ভারত সফরে যেতে ভিসা পেতে জটিলতা হয়েছে। প্রথম দফায় প্রত্যাখ্যানের পর দ্বিতীয় দফায় আবেদন করে তিনি ভিসা পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলে আলী খান নিয়েছেন ৩৩টি উইকেট, যার মধ্যে মাত্র ৩২ রানে ৭ উইকেট তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। অন্যদিকে, ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে আছে ১৬টি উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি বেশ অভিজ্ঞ; ৯৯ ম্যাচে শিকার করেছেন ৯৩টি উইকেট।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও (কেকেআর) একবার ডাক পেয়েছিলেন তিনি। হ্যারি গার্নির বদলি হিসেবে শাহরুখ খানের দলে যোগ দিলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার। এছাড়া বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন এই পেসার।

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে। সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটিই হওয়ার কথা রয়েছে ভারতের মাটিতে। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হয়ে আবারও চেন্নাইয়ে ফিরবে দলটি।

আলী খানের ভিসা জটিলতা নিরসন না হলে টুর্নামেন্টের বড় একটি অংশে দলের সেরা এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে যুক্তরাষ্ট্রকে।

Popular

More like this
Related

ইয়ামালের অসাধারণ ভলি, শীর্ষে ফিরল বার্সা

লামিনে ইয়ামালের চোখধাঁধানো ভলি গোলের সঙ্গে দানি ওলমো ও...

অর্থ লুটে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা করেন মোরসালিন: পুলিশ

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার...

আর্সেনালকে চমকে দিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিল ইউনাইটেড

রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগে শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে...

ওসমান হাদি এভারকেয়ারে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর...