ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি, আহত ৪

Date:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্ধারিত সীমানার বাইরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর ছররা গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।  

গুলিবিদ্ধরা হলেন—চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে গ্রামবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামের সীমানায় বালু তুলছিল। এতে ওই এলাকার কৃষিজমি ও বসতভিটা নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

রোববার সকালে একই স্থানে বালু উত্তোলন শুরু হলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন। এ নিয়ে বালু উত্তোলনে জড়িতদের সঙ্গে গ্রামবাসীদের বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামবাসীর বাধার মুখে বালু উত্তোলনকারীরা পাশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে ভাড়াটে লোকজন নিয়ে আসে। তারা অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে চারজন গ্রামবাসী শরীরে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Popular

More like this
Related

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আশা ইরানের

পরমাণু ইস্যুতে আগামী মাসের শুরুর দিকে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে...

ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, যা থাকছে আলোচনায়

সাম্প্রতিক সময়ে এক কালের ‘ডিয়ার ফ্রেন্ড’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লিপুর মেয়াদ এক মাস বাড়াল বিসিবি, দুই নির্বাচক পদের জন্য দেবে বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন...

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

ফ্লোরিডার পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট...