বেনফিকার বিপক্ষে নেই এমবাপে

Date:

ইউরোপের মঞ্চে নামার আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে দলে রাখা হয়নি কিলিয়ান এমবাপেকে। শেষ ষোলো নিশ্চিত করার এই লড়াইয়ে ফরাসি তারকার অনুপস্থিতি কোচ আরবেলোয়ার জন্য নিঃসন্দেহে বড় ক্ষতি।

বাঁ হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপ্পে। জরুরি পরিস্থিতিতেও দলের সহায়তায় নামার মতো ফিট নন তিনি। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, হাঁটুর সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত মাঠে ফিরবেন না এই ফরোয়ার্ড। লক্ষ্য মার্চের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য পরের রাউন্ডে (যদি রিয়াল মাদ্রিদ যোগ্যতা অর্জন করে) শতভাগ ফিট হয়ে ফেরা।

এমনকি নিজের চোট ব্যবস্থাপনা নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন এমবাপে। তাই মৌসুমের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সর্বোচ্চ ফিটনেসে খেলতে এখন স্থায়ী সমাধানের দিকেই ঝুঁকছেন তিনি। তবে এর তাৎক্ষণিক প্রভাব পড়ছে বেনফিকার বিপক্ষে ম্যাচেই, বিশেষজ্ঞ স্ট্রাইকার ছাড়াই নামতে হবে রিয়ালকে। ভিনিসিয়ুস মৌসুমের সেরা ছন্দে থাকলেও এমবাপের ৩৮ গোলের শূন্যতা সহজে পূরণযোগ্য নয়।

ডিসেম্বরের শুরু থেকেই শুরু হয় এমবাপের সমস্যার সূত্রপাত। ৭ ডিসেম্বর ম্যাচ চলাকালেই বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি, এরপর কয়েকবার দলে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে থেকেও খেলেননি, আবার আলাভেস ও তালাভেরার বিপক্ষে টানা পূর্ণ ম্যাচ খেলেছেন।

বছরের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে হাঁটুর চোটের ঘোষণা আসে এবং তিন থেকে চার সপ্তাহ বাইরে থাকার কথা জানানো হয়। কিন্তু মাত্র দশ দিনের মাথায় সুপার কাপ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে চমকপ্রদভাবে মাঠে ফেরেন। এরপর নিয়মিত খেললেও ফিটনেস নিয়ে সংশয় থেকেই যায়। ফেব্রুয়ারির মাঝামাঝি আবারও সমস্যার পুনরাবৃত্তি হয়; রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয় পুরো ম্যাচ।

এদিকে মূল দলে আক্রমণভাগে বিকল্পের অভাব স্পষ্ট। ভিনিসিয়ুস, গনসালো, ব্রাহিম ও মাস্তানতুয়োনোই এখন ভরসা। মাঝমাঠে সুযোগ পাচ্ছেন চারজন একাডেমি খেলোয়াড়।
 

Popular

More like this
Related

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার রাত...

ডিসেম্বরে পুনঃতফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ

গত ডিসেম্বরেই মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা...

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখল নিউজিল্যান্ড

৮৪ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড অসাধারণ...

গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরের নিয়োগ...