‘বুমরাহ তো একজন মানুষই, তারও খারাপ দিন যেতে পারে’

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের বোলিং তারকা জাসপ্রিত বুমরাহকে নিয়ে মুখ খুললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে জানান, বুমরাহ যদি ফাইনালে কোনো ভুল করেন, তবে নিউজিল্যান্ড সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি প্রস্তুত। ফিলিপসের মতে, বুমরাহ অতিমানব কেউ নন, তিনিও কেবল একজন ‘মানুষ’।

আহমেদাবাদে রবিবারের হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক ভারত। সেই ম্যাচে ইংল্যান্ডের জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরির পরও বুমরাহর অবিশ্বাস্য ১৮তম ওভার ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে। মাত্র ৬ রান দিয়ে তিনি ইংল্যান্ডের জয়ের আশা শেষ করে দেন।

নিউজিল্যান্ডও ফর্মে আছে। প্রথম সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে। এখন তাদের লক্ষ্য দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম শিরোপা জেতা। আর এই যাত্রায় তাদের প্রধান বাধা বুমরাহ। ফিলিপস বলেন, ‘সেও তো একজন মানুষ। আমাদের সবার মতো তারও একটা খারাপ দিন যেতেই পারে। আমরা আশা করছি তার বিপক্ষে আমাদের দিনটি ভালো কাটবে।’

বুমরাহর ইয়র্কার দেওয়ার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেখানে প্রচুর রান হয়েছে, সেখানেও তিনি ছিলেন বেশ মিতব্যয়ী। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড কিছুটা ভিন্ন। বছরের শুরুতে কিউইদের বিপক্ষে সিরিজে বুমরাহ ওভারপ্রতি প্রায় ১০ রান করে দিয়েছিলেন এবং ৪ ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি।

ফিলিপস বুমরাহর প্রশংসা করে বলেন, ‘বুমরাহ একজন ক্লাস বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে এবং ডেথ ওভারে সে দারুণ বল করে। তবে তার কোনো বল যদি ঠিকঠাক না হয়, তবে আমাদের তা বাউন্ডারিতে পাঠাতে হবে। আর যদি সে ভালো বল করে, তবে পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

নিউজিল্যান্ড দল এখন বেশ আত্মবিশ্বাসী। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাত্র ১২.৫ ওভারে। মিচেল স্যান্টনারের দল আহমেদাবাদের বিশাল গ্যালারি আর ভারতীয় সমর্থকদের চাপের কথা ভাবছে না। ফিলিপসের ভাষায়, ‘আমরা কেবল মাঠে গিয়ে খেলাটা উপভোগ করতে চাই। দেশের জন্য নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। গ্যালারি ভর্তি দর্শক থাকাটা ক্রিকেটের জন্য সবসময়ই ভালো।’

 

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ কে হবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। আগামীকাল আহমেদাবাদে ব্লকবাস্টার ফাইনালে সহ-আয়োজক...

প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা হামলা নয়: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে হামলার...

ম্যাপ, চার্ট ও ছবিতে ইরান সংকট

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলার পর...

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার...