‘বাদ পড়লে কেউ ফিরেও তাকায় না’, ইসিবির ওপর ক্ষোভ উগড়ে দিলেন লিভিংস্টোন

Date:

ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়ার পর বোর্ডের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। জাতীয় দলের জার্সি গায়ে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও এক বছরের বেশি সময় ধরে ব্রাত্য হয়ে আছেন এই ৩২ বছর বয়সী ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বর্তমান ক্রিকেট সংস্কৃতিতে কেউ দল থেকে বাদ পড়লে তাকে নিয়ে আর কারো মাথাব্যথা থাকে না।

লিভিংস্টোন সরাসরি আঙুল তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি-র দিকে। তিনি জানান, দল থেকে বাদ পড়ার সময় কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার ফোনালাপ এক মিনিটও স্থায়ী হয়নি। লিভিংস্টোনের ভাষ্যমতে, ‘আমি কারণ জানতে চেয়েছিলাম, ওরা শুধু বলল অন্য কাউকে ট্রাই করতে চায়। অধিনায়ক হ্যারি ব্রুক শুধু একটা টেক্সট পাঠিয়েছিল। আর রব কি বলেছিলেন গ্রীষ্মে কথা বলবেন, কিন্তু এরপর কয়েক মাস পার হলেও তার কোনো দেখা মেলেনি।’

ইংল্যান্ড দলের এই আচরণকে ‘চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করে লিভিংস্টোন বলেন, ‘এই দলটার ধরনই এমন—যতক্ষণ আপনি দলে আছেন, ততক্ষণই আপনার কদর। একবার বাইরে চলে গেলে কেউ আপনার খোঁজ নেবে না, পাত্তা দেবে না।’

গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে ক্যারিয়ারের ‘সবচেয়ে বাজে অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন এই হার্ডহিটার ব্যাটার। এমনকি সম্প্রতি হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই। তিনি সোজাসুজি বলেন, ‘ওই দলে খেলার বিন্দুমাত্র ইচ্ছাও আমার ছিল না।’

তবে জাতীয় দলে জায়গা না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লিভিংস্টোনের কদর কমেনি একটুও। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ১ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১৩ কোটি টাকার বেশি) ধরে রেখেছে। নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী লিভিংস্টোন বলেন, ‘কয়েকজনের ব্যক্তিগত মতামতের কারণে আমি দলে নেই, তার মানে এই নয় যে আমি খেলার অযোগ্য। আমি এখনও বিশ্বাস করি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে আমি অন্যতম সেরা খেলোয়াড়।’

অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেটে যে অস্থিরতা শুরু হয়েছে, লিভিংস্টোনের এই বিস্ফোরক মন্তব্য তাতে নতুন করে ঘি ঢালল।

 

Popular

More like this
Related

ইয়ামালের ফিটনেস নিয়ে যা বললেন ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেল এফসি...

আইজিপির বাড়িতে চুরি

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির...

সিঙ্গাপুর উপকূলে মার্কিন রণতরী শনাক্ত, মধ্যপ্রাচ্যে মোতায়েনের ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে সেনা সদস্যদের বহনকারী একটি মার্কিন যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের কাছাকাছি...

মৌসুমের প্রথম ঝড়ে ভোলায় ক্ষতিগ্রস্ত ৫০টির বেশি বাড়ি

ভোলার চরফ্যাশন উপজেলায় মৌসুমের প্রথম আকস্মিক ঝড়ে ৫০টির বেশি...