বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ড সভায় সিদ্ধান্ত

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না গেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে নেওয়া হবে এবং বোর্ড সভায় অধিকাংশ সদস্য এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এমন দাবি করেছে।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুষ্ঠিত হয়েছে আইসিসির ভার্চুয়াল সভা। নিরাপত্তা শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর অবস্থানে অনড় থাকায় বোর্ড সভায় হয়েছে ভোটাভুটি। ক্রিকেট বিষয়ক আরেক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ১৬ সদস্যবিশিষ্ট বোর্ডের মধ্যে দুজন বাদে বাকি সবাই বিশ্বকাপের সূচিতে যেকোনো ধরনের পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছেন।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানা গেছে, আইসিসি বিসিবিকে বলেছে, তারা যেন বাংলাদেশ সরকারকে জানিয়ে দেয় যে, বাংলাদেশ যদি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে তাদের ম্যাচগুলো খেলতে অস্বীকার করে, তাহলে টুর্নামেন্টে তাদের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া হবে।’

ক্রিকইনফো আরও দাবি করেছে, ভারতে খেলার ব্যাপারে নিজেদের অবস্থানের বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে।

এর আগে ক্রিকইনফো জানিয়েছিল, বোর্ড সভায় উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বাকি সব পূর্ণ সদস্য দেশের (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড) প্রতিনিধিরা। আরও ছিলেন আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ এবং সহযোগী সদস্য দেশগুলো থেকে দুজন পরিচালক মুবাশশির উসমানি ও মাহিন্দা ভল্লিপুরম।

গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। তখন থেকেই বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য নিয়ে জটিলতার শুরু। ওই সিদ্ধান্ত বাংলাদেশকে কতটা ক্ষুব্ধ করেছে, তা বোঝা যায় ঠিক তার পরদিনই। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে আসে নানা বক্তব্য। এর প্রেক্ষিতে ৪ জানুয়ারি আইসিসির কাছে ভারত সফরের বদলে শ্রীলঙ্কাতে গিয়ে খেলার অনুরোধ করে বিসিবি।

সেই থেকে গত কয়েক দিনে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে, হয়েছে ভার্চুয়াল বৈঠক ও সরাসরি সভা। কিন্তু বিসিবি ও আইসিসির মধ্যকার আলোচনাগুলো থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ খারিজ হয়ে গেছে আইসিসির বোর্ড সদস্যদের ভোটে। তবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

নিজেদের অবস্থানে অটল থেকে বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তাদের জায়গায় র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে স্কটিশরা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট অর্জন করতে পারেনি।

Popular

More like this
Related

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে, রোববার জানাজা ও দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়...

আল-ইত্তিহাদ ছাড়ার পথে ‘অপমানিত’ বেনজেমা!

সৌদি আরবের ফুটবলে বড় এক নাটকীয় মোড়। আল-ইত্তিহাদের সঙ্গে...

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে।...

বিশ্বকাপ ম্যাচের টিকিটের চেয়ে বেশি দামে পার্কিং বিক্রি করছে ফিফা

বিশ্বকাপের উত্তেজনা এতটাই উষ্ণ যে, শুধু ম্যাচের টিকিট নয়,...