বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই জাকের আলি

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াড থেকে অনুমিতভাবেই বাদ পড়েছেন ছন্দ হারানো ব্যাটার জাকের আলি অনিক।

রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে স্কোয়াডে সহ-অধিনায়ক থাকছেন সাইফ হাসান। ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে বাংলাদেশ। বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে কোন ফিফটি নেই জাকেরের। এমনকি নেই দলের চাহিদা পূরণ করা ইনিংস। সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন নিয়মিত, কখনো থিতু হলেও খেলেন মন্থর গতিতে।  জাকেরের দুর্দশা চলছে ঘরোয়া ক্রিকেটেও। তার বাদ পড়া তাই চমক নয়, অনেকটা অনুমিতই ছিলো। 

জাকের না থাকায় মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের পাশাপাশি আছেন শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। তারা দুজনেই অবশ্য লোয়ার মিডল অর্ডারেই খেলে অভ্যস্ত। বাংলাদেশ দল অবশ্য ভাবছে ভিন্নভাবে। সাইফ হাসানকে তানজিদ হোসেন তামিমের সঙ্গে ওপেন করিয়ে পারভেজ হোসেন ইমনকে চারে বিবেচনা করছে। 

আলোচনা থাকলেও পেস আক্রমণে সুযোগ মেলেনি রিপন মন্ডলের। সেখানে আছেন নিয়মিতরাই। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব শরিফুল ইসলামের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 

আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরুর কথা। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লিটন দাসের দল। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম।

Popular

More like this
Related

ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে: মির্জা ফখরুল

দেশে ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে বলে...

সাবিনার নৈপুণ্যে ভারতকে হারিয়ে সূচনা বাংলাদেশের

সাফ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ...

এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও...

অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চরম সমালোচনার মুখে পড়া...