মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পক্ষ থেকে ডিজেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
জয়সোয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর জন্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি বড় রপ্তানিকারক। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে ডিজেল সরবরাহের অনুরোধ পেয়েছি। এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পক্ষ থেকেও জ্বালানি চেয়ে অনুরোধ করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত কয়েকদিনে তিনবার কথা হয়েছে। সর্বশেষ আলোচনায় জাহাজ চলাচলের নিরাপত্তা ও ভারতের জ্বালানি নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো স্থান পেয়েছে।
জয়সোয়াল আরও বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশে ডিজেল রপ্তানি অব্যাহত আছে। ভারতের নিজস্ব শোধনাগারের সক্ষমতা, অভ্যন্তরীণ চাহিদা ও প্রাপ্যতা বিবেচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি তেল চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।
গতকাল বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে। তাই চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদ্যমান চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে।