ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতা, শুধু আর্থিক সহায়তা নয়: মির্জা ফখরুল

Date:

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি দেশের নারীদের পরিবার ও সমাজে অবস্থান সুদৃঢ় করার একটি শক্তি ও ক্ষমতা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৬০ জন নারী উপকারভোগীকে প্রাথমিক পর্যায়ে এই কার্ডের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড হলো শক্তি, একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। পরিবারের প্রধান হিসেবে এটি আপনার অবস্থানকে দৃঢ় পারবেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য হচ্ছে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমস্ত মায়েদের ক্ষমতায়ন করা, তাদের শক্তি বৃদ্ধি করা।’ 

প্রকল্পের সীমাবদ্ধতা ও পরিধি নিয়ে মন্ত্রী জানান, এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫৫০ থেকে ৭০০ পরিবার এই সুবিধা পাচ্ছে।

তিনি বলেন, আমরা পরীক্ষা করছি কাজগুলো কীভাবে আরও নিখুঁত করা যায়। শুরুতে কিছু ভুল-ত্রুটি বা তথ্যগত সমস্যা হতে পারে, যা আমরা পরে শুধরে নেব। তবে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মাথায় এই কার্ড সুবিধা চালু করেছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে।

কৃষকদের জন্য আলাদা কার্ডের ঘোষণা দিয়ে তিনি জানান, এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন। এছাড়া উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা হবে।

আগামী ১৬ মার্চ থেকে সারাদেশে খাল কাটা কর্মসূচি শুরু হবে জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আমরাও কোদাল হাতে খাল কাটা শুরু করব। বর্ষার পানি ধরে রেখে খরা মৌসুমে তা কৃষি কাজে ব্যবহার করা হবে, যা উত্তরাঞ্চলের পানির সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী অর্থ বছরে এখানে মেডিকেল কলেজের কাজ এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তও হয়ে গেছে। এসময় ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

দুর্নীতিবাজদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, এখানে কাজ করতে এসেছি, কাজ করব। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তার কোনো ক্ষমা নেই। এছাড়া তরুণ সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।

Popular

More like this
Related

টেকনাফে জমি নিয়ে বিরোধে ছেলেদের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ

কক্সবাজারের টেকনাফে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে ৭০...

ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন...

টিএসসিতে ২ নারীকে হেনস্তা: ঢাবির ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তা ও...

শিরোপার হাসির মাঝে অর্শদীপের শাস্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই...