পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে রান পাননি তিনি। এদিকে একই দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোস্তাফিজুর রহমান। যদিও তাদের দল হেরে গেছে।
লাহোরে করাচি কিংসের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পারভেজ। মিডল অর্ডারে নামা এই ব্যাটার ১২ বলে ১২ রান করে ফিরে যান সালমান আলি আঘার স্পিনে। আব্দুল্লাহ শফিকের মাঝারি ইনিংসে ভর করে মাত্র ১২৮ রান করে লাহোর।
মন্থর উইকেটে মামুলি পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে স্বাগতিক লাহোর। শাহীন শাহ আফ্রিদির দলের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে সাদ বেগকে আউট করে মোস্তাফিজ। তবে দলের সেরা বোলার ছিলেন শাহীন। লাহোর অধিনায়ক ১৮ রানে নেন ৪ উইকেট। তবে মোহাম্মদ ওয়াসিমের ২৭ বলে ৩৮ ও মঈন আলি, আজম খানদের ছোট ছোট অবদানে ভর করে জিতে যায় করাচি।