ফুটবলের গতি বেড়েছে, জাদু কি কমেছে? আনচেলত্তির প্রশ্ন

Date:

ফুটবল এখন আগের চেয়ে দ্রুত, শারীরিকভাবে আরও শক্তিশালী, প্রযুক্তিতে পরিপূর্ণ, তবুও কোথাও যেন কমে গেছে সেই স্বতঃস্ফূর্ত সৌন্দর্য। খেলার এই পরিবর্তনের মাঝেই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিলেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি।

রেডিও মার্কার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ খোলাখুলি জানালেন নিজের ভাবনা। তার মতে, গত দুই দশকে ফুটবল অনেক দিক থেকে উন্নত হলেও খাঁটি প্রতিভার প্রকাশ এখন আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে।

‘ফুটবল ভালো হয়েছে না খারাপ, এটা বলা কঠিন। স্টেডিয়াম, পিচ, প্রযুক্তিনির্ভর রেফারিং, সবই উন্নত হয়েছে। খেলার তীব্রতাও বেড়েছে। কিন্তু বেশি তীব্রতা মানেই বেশি উপভোগ্য ফুটবল নয়। আমার মনে হয়, ২০ বছর আগের তুলনায় এখন প্রতিভা নিজেকে দেখাতে বেশি সমস্যায় পড়ে,’ বলেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ে গত গ্রীষ্মে দায়িত্ব ছাড়ার পর এখন নতুন অধ্যায়ে আছেন ব্রাজিলের কোচ হিসেবে। ক্লাব ফুটবল থেকে সরে এসে আন্তর্জাতিক মঞ্চে কাজ করার অভিজ্ঞতাও ভিন্ন বলে মনে করছেন এই ইতালিয়ান কোচ।

‘এখানে চাপ কম, কারণ ম্যাচ কম। তবে কাজটা পর্যবেক্ষণের, ব্রাজিলে অন্তত ৭০ জন খেলোয়াড় আছে, যাদের জাতীয় দলে নেওয়া সম্ভব। তাদের মূল্যায়ন করাই বড় চ্যালেঞ্জ।’

তবে ব্রাজিলে চাপ অন্যভাবে কাজ করে, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা যেন প্রতিদিনের সঙ্গী।

‘অনেক দিন ধরেই তারা ষষ্ঠ বিশ্বকাপ চাইছে। এটা শুধু লক্ষ্য নয়, প্রেরণাও,’ বলেন আনচেলত্তি।

এই চাপের মাঝেও ব্রাজিলের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। তবে তিনি খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ দিতে চান না।

‘এখানে প্রীতি ম্যাচেও ভুল করলে সমালোচনা হয়। আমি চাই খেলোয়াড়রা যেন নিজেদের ওপর বেশি চাপ না নেয়,’ বলেন তিনি। 

ব্রাজিলিয়ান ফুটবলের গভীরে ঢুকতে স্থানীয় কোচদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি, বিশেষ করে পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও বাহিয়ার কোচদের সঙ্গে।

তার মতে, ইতিহাস এখানে প্রতিদিন অনুপ্রেরণা দেয়, ‘রিয়ালে যেমন ইতিহাস প্রতিদিন চোখে পড়ে, এখানে তেমনি পেলে, জিকো, রোমারিও সবাই যেন উপস্থিত।’

রিয়ালের সঙ্গে তার সম্পর্কও অটুট। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং খেলোয়াড় রদ্রিগোর সঙ্গে এখনো যোগাযোগ রাখেন তিনি।

ফুটবলের দ্রুত পরিবর্তন নিয়ে আনচেলত্তির বিশ্লেষণও স্পষ্ট, ‘খুব ছোট ছোট পরিবর্তনে ফুটবল বদলে যায়। দলের রসায়ন গড়ে উঠতে সময় লাগে।’

এই মুহূর্তে ব্রাজিল দলে সেই রসায়ন তৈরি করাই তার বড় লক্ষ্য, ‘কঠিনতাই আমাদের আরও ভালো করার প্রেরণা হওয়া উচিত।’

দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতায় তার দর্শন একেবারে সরল, ‘পরিশ্রম আর ত্যাগ প্রতিভাকে হারাতে পারে, যদি প্রতিভার সঙ্গে সেগুলো না থাকে।’

তবুও আধুনিক ফুটবলে প্রতিভার আলো পুরোপুরি নিভে যায়নি বলেই বিশ্বাস তার। ভিনিসিয়ুস জুনিয়রের মতো খেলোয়াড়দের মধ্যেই এখনো সেই জাদুর ঝলক দেখেন তিনি।

‘গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুস কখনো ব্যর্থ হয়নি। আমি নিশ্চিত, সে দারুণ একটি বিশ্বকাপ খেলবে।’
 

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই হঠাৎ...

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে...