প্রশান্ত মহাসাগরে ‘সন্দেহভাজন’ নৌকায় মার্কিন হামলা, নিহত ৩

Date:

প্রশান্ত মহাসাগরে লাতিন আমেরিকার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সামরিক বাহিনী দাবি করে, আঘাত হানা নৌযানটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। নিহত তিন ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন—মার্কিন সামরিক বাহিনীর এই দাবির পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই ঘটনার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাহাজে হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের শুরুর দিক থেকে মার্কিন সামরিক বাহিনী প্রায় ৪৩টি হামলা চালিয়েছে।

সর্বশেষ হামলার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সাউথকম। সেখানে দেখা যায়, আউটবোর্ড ইঞ্জিনযুক্ত একটি স্থির নৌকা মার্কিন গোলাবর্ষণের আঘাতে বিধ্বস্ত হয়।

চলতি সপ্তাহের শুরুতে সাউথকম জানিয়েছিল, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে তারা তিনটি জাহাজে হামলা চালিয়েছে, যাতে মোট ১১ জন নিহত হয়েছেন।

লাতিন আমেরিকার নেতারা, আইন বিশেষজ্ঞরা এবং মানবাধিকারকর্মীরা এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবিরোধী বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সল বলেছেন, ‘মার্কিন নেতাদের যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক বিচারব্যবস্থার আওতায় জবাবদিহির মুখোমুখি করতে হবে।’

সমালোচকেরা আরও প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ মাদক ফেন্টানিল প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে স্থলপথে পাচার হয়ে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসন কেন সমুদ্রপথে কথিত মাদক পাচারকে লক্ষ্যবস্তু করছে।

Popular

More like this
Related

‘আজাদ’ ভাষ্যে ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার জাগরণ কাল। পাকিস্তানি শোষণ ও...

সুপ্রিম কোর্টের রায়ের পরও কি ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারেন?

ট্রাম্প গত বছর ‘লিবারেশন ডে’ নামে একটি কর্মসূচির মাধ্যমে...

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০...

অমর একুশের দিনে এফডিএফের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের স্কুল শিক্ষার্থীদের...