প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

Date:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, ‘সবার আগে আমাদের লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা।’

নুর আরও বলেন, ‘সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটা বন্ধ করতেই হবে।’

আজ বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এখন প্রবল দায়িত্ববোধ অনুভব করছেন উল্লেখ করে নুর জানান, এর আগে তিনি রাজপথে নেমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

‘মানুষের অধিকার নিয়ে কথা বলেই আমরা জনপ্রিয় হয়েছি। এখন আমরা ক্ষমতায়, বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করতে পারি, সেটাই বড় চ্যালেঞ্জ,’ বলেন তিনি।

নিজের দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানের কথা উল্লেখ করে নুর বলেন, ‘উভয়ই জটিল খাত এবং সামনে অনেক কাজ আছে।’

ঈদের সময় বেতন বিলম্ব, দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মীদের নানা ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরেন তিনি।

‘আমাদের অর্থনীতি প্রবাসী আয় বা রেমিট্যান্সের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই প্রবাসী কর্মীদের সুরক্ষা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, বাংলাদেশের জন্য অপরিহার্য,’ বলেন নুর।

তিনি জানান, এর আগে শ্রমিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে কাজ করে প্রবাসীদের ভোটাধিকার, মৃত কর্মীদের মরদেহ দেশে আনার সরকারি সহায়তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি তুলেছিলেন।

‘আগে সেমিনারে কথা বলতাম, প্রেসক্লাবের সামনে দাঁড়াতাম। এখন নীতিনির্ধারণের টেবিলে আছি, তাই এগুলোই আমার অগ্রাধিকার,’ বলেন তিনি।

নতুন দায়িত্বে খাপ খাওয়াতে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘আমরা মাত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। সবকিছু বুঝে নিতে কিছু সময় দিন। আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, দোয়া করবেন।’

ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে তিনি আত্মবিশ্বাসের কথাও জানান।

‘চ্যালেঞ্জ সবসময় থাকবে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা এখানে এসেছি। প্রকৃত সাফল্য আসে বাধা অতিক্রম করেই,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

তলানির দলের সঙ্গে পয়েন্ট হারিয়ে আর্সেনাল কোচ বললেন ‘মেনে নেওয়া খুব কঠিন’

লিগ টেবিলের তলানির দল উলভসের সঙ্গে ২-২ গোলে ড্র...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের অবশিষ্ট...

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণে ফিফা সভাপতি ‘মর্মাহত’

বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে...

সুপার এইটে না উঠলেও হৃদয় জিতল সহযোগী সদস্যদেশগুলো

ফলাফলের দিকে তাকালে মনে হতে পারে, টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে...