প্রচারে নতুন মাত্রা ‘জাকিরের বিদেশি বউ’

Date:

কুষ্টিয়া-৩ (সদর) আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর জন্য ভোট চাইছেন এক বিদেশি নারী। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বললেও তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসি হাসি মুখে গ্রহণ করছেন।

আসনটিতে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে এভাবে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা।

দলীয় নেতারা তাকে ‘চাইনিজ ভাবি’ বললেও সাধারণ ভোটাররা তাকে ‘জাকিরের বউ’ হিসেবে চিনছেন।

আজ শনিবার দুপুরে তিনি কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকা ঘুরে ভোটারদের বলছিলেন, ‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

ওয়াং লিনা দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রামের মানুষ খুব বন্ধুভাবাপন্ন। তারা আমার নাম, আমি কী খেয়েছি, কখন এসেছি—সব জানতে চায়। প্রচারে আসতে ভালো লাগছে।

ওয়াং লিনার সঙ্গে প্রচারে ছিলেন জাকির সরকারের মামাতো ভাবি রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। সবাই তাকে ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। আর শিশুরা তো পিছু ছাড়ছে না।

গ্রামের সাধারণ মানুষও আগ্রহ দেখাচ্ছেন। এক বৃদ্ধা বলেন, ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে। তাই দেখতে এলাম। খুব ভালো বউ, হাসি মুখে কথা বলে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাকির হোসেন সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা আছে তার। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা বিএনপি এবার ওয়াং লিনার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করছে। ইতোমধ্যে তার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ওয়াং লিনার মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে। সে বিদেশি হলেও আমাদের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। এতে প্রচারে নতুন মাত্রা এসেছে।

ওয়াং লিনা ২০১১-১২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন এবং বর্তমানে স্বামীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তদারকিও করছেন।

Popular

More like this
Related

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তাব করা হয়নি, আমরাও শপথ নেইনি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে প্রস্তাব করা হয়নি এবং...

১৫০ বছর আগে ডুবে যাওয়া স্টিমারের ধ্বংসাবশেষ উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের দেড়শ বছরের পুরনো একটি বিলাসবহুল স্টিমারের ধ্বংসাবশেষ...

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

অবশেষে শপথ নিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের...