পুয়ের্তো রিকোয় মাঠে দর্শক ঢুকে পড়ায় হট্টগোল, মাটিতে পড়ে গেলেন মেসি

Date:

পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির প্রীতি ম্যাচ চলাকালীন দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন লিওনেল মেসি। বিশৃঙ্খলার এক পর্যায়ে এক সমর্থকের ধাক্কায় মাটিতে পড়ে যান এই আর্জেন্টাইন মহাতারকা।

বৃহস্পতিবার ইকুয়েডরের ক্লাব ইন্দিপেনদিয়েন্তে দেল ভ্যালে-র বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৮৮তম মিনিটে একদল সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভেতর ঢুকে পড়লে হট্টগোল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক সমর্থক মেসির সঙ্গে সেলফি তোলার আবদার করেন এবং অন্যজন তার জার্সিতে অটোগ্রাফ চাইছিলেন। এরই মধ্যে তৃতীয় এক সমর্থক পেছন থেকে মেসিকে জড়িয়ে ধরতে দৌড়ে আসেন। তাকে আটকাতে গিয়ে একজন নিরাপত্তাকর্মী ওই সমর্থককে ট্যাকল করলে ভারসাম্য হারিয়ে মেসির ওপরই পড়েন তারা। এতে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার মেঝেতে ছিটকে পড়েন।

তবে এই ঘটনায় মেসি বড় কোনো আঘাত পাননি বলে জানা গেছে। কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ান তিনি। তবে তাকে বেশ বিরক্ত হয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

ম্যাচটির শুরু থেকেই ছিল নানা নাটকীয়তা। দুই দলই একই রঙের জার্সি পরে খেলতে চাওয়ায় সৃষ্ট বিবাদে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়। শেষ পর্যন্ত কোনো সমাধান না আসায় উভয় দলই কালো জার্সি পরে মাঠে নামে।

ম্যাচে ইন্টার মায়ামির ২-১ ব্যবধানের জয়ে মূল ভূমিকা রাখেন মেসিই। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে ৭০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন তিনি। এর আগে ১৬তম মিনিটে সান্তি মোরালেসের গোলে মায়ামি এগিয়ে গেলেও পরের মিনিটেই ইকুয়েডরের পাত্রিক মার্খাদো গোল শোধ করে সমতা ফিরিয়েছিলেন।

পুয়ের্তো রিকোর বায়ামন শহরে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও মেসির চোটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো অংশ নেবেন বলে ভক্তদের প্রত্যাশা। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

 

Popular

More like this
Related

তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

ইরানের রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে...

ফের রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে...

ছবিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানের ওপর আজ শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ...