পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন মিরাজ

Date:

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের ব্যাটে রান নেই, বল হাতেও এই সংস্করণে তিনি বেশ কিছুদিন ধরেই সাদামাটা। বিবর্ণ পারফরম্যান্সের নেতৃত্বেও পড়ছে। পারফরম্যান্সের ঘাটতির কথা স্বীকার করলেও তা নিয়ে মনে কোনো দুর্ভাবনা জমা নেই তার।

নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে শুরুতে ব্যাট হাতে কিছুটা রান পেয়েছিলেন তিনি। তবে মিডল অর্ডারে মন্থর গতিতে খেলা ওসব ইনিংস দলের কতটা কাজে লেগেছিল, সেই প্রশ্ন তখনই ওঠে।

ধীরলয়ে খেলে তিনটি ফিফটি করলেও এখন সেখানেও ভাটা। সর্বশেষ ১১ ওয়ানডেতে তার ফিফটি একটি, ব্যাটিং গড় ১৯.১০; আধুনিক ক্রিকেটের চাহিদার বিপরীতে দাঁড়িয়ে তার স্ট্রাইক রেট ৭১.৮। এক সময় অফ স্পিনে সাফল্য পেলেও সেখানেও ধার কমেছে। ১১ ম্যাচে ৪১.০৯ গড়ে পেয়েছেন স্রেফ ১১ উইকেট। ওয়ানডেতে মাঝের ওভারে বল করে তিনি কোনো চাপ তৈরি করতে পারছেন না। আবার মিডল অর্ডারে ব্যাট করেও হয়েছেন ব্যর্থ।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মিরাজ খেলবেন সাতে। তবে বল হাতে মাঝের ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।

কিন্তু তার যে ফর্ম, তাতে অধিনায়ক না থাকলে দলে থাকতেন কি না—এই প্রশ্ন বড় হতো। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাজে ছন্দ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে মিরাজ নিজের পারফরম্যান্সের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘আমি আমার ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নই। আসলে অনেকদিন গ্যাপে গ্যাপে খেলার কারণে প্রত্যাশা অনুযায়ী হয়তো পারফরম্যান্স হচ্ছে না, তবে আমি সবসময় চেষ্টা করি দলের জন্য ম্যাচ জেতাতে। আমি নিজেকে নিয়ে আলাদা করে ভাবি না, বরং দলের প্রয়োজনে ব্যাটিং ও বোলিংয়ে অবদান রাখাই আমার মূল লক্ষ্য।’

‘আমার মনে হয়, আমার কাছে সবার প্রত্যাশা যেমন যে আমি অনেক ম্যাচ জেতাব, মানুষের প্রত্যাশা যেটা, হয়তো সেটা হচ্ছে না, গড়পড়তা হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতাতে।’

মিরাজকে পরিসংখ্যান মনে করিয়ে দিলে জানান, নিজের খেলা নিয়ে নয়, তার সব ভাবনা থাকে কীভাবে দলের ভালো করা যায়; সেই জায়গা থেকে পারফর্ম করার তাগিদ অনুভব করেন তিনি, ‘আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি। সবসময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। অবশ্যই প্রথম অগ্রাধিকার দলের ভালো ফলাফল। দিনশেষে আমার পারফরম্যান্সও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং যেভাবে যেখানে বোলিং করি, দলের জন্য অনেক কাজে লাগে। ওখানে আমার পারফর্ম করাটা খুবই জরুরি। অবশ্যই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য।’

 

Popular

More like this
Related

যুদ্ধের তীব্রতা কমলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

ইরান যুদ্ধের তীব্রতা কমলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা...

সিটির মুখোমুখি হওয়ার আগে আরবেলোয়ার হুঙ্কার, ‘আমরা রিয়াল মাদ্রিদ’

চোটের কারণে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে...

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয়...

মধুপুরে জমি উদ্ধারের নামে গারো পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে সমাধান

টাঙ্গাইলের মধুপুরে জমি উদ্ধার অভিযানের নামে একটি গারো পরিবারের...