পাটুরিয়ায় চাপ নেই, তবে পন্টুনে ভোগান্তি

Date:

ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লেও চাপ বাড়েনি। তবে মূল সড়ক থেকে পন্টুনগুলো নিচু হওয়ায় অ্যাপ্রোচ সড়ক হয়ে ফেরিতে ওঠা-নামা করতে গাড়িগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। অন্যদিকে, লঞ্চঘাটেও তেমন যাত্রীর চাপ নেই।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

ঘাট সূত্র জানায়, ঢাকা, গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে ফিরেছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসছেন। এরপর ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পার হয়ে গন্তব্যে যাচ্ছেন। অনেকে পাটুরিয়া থেকে লঞ্চেও নৌপথ পার হচ্ছেন। তবে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ এখনো স্বাভাবিক রয়েছে।

সরেজমিন দেখা যায়, দূরপাল্লার যাত্রীবাহী বাস পাটুরিয়া ঘাটে আসার পর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দ্রুত ফেরিতে উঠছে। পাঁচটি ঘাটের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন ফেরিতে ওঠা-নামা করছে। তবে মূল সড়ক থেকে পন্টুনগুলো নিচু। এতে অ্যাপ্রোচ সড়ক হয়ে ফেরিতে ওঠা-নামা করতে গাড়িগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে।

রাজবাড়ীর বাসিন্দা লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আজ অফিস খোলা ছিল। আগামীকাল চাপ পড়বে, তাই ভোগান্তি থেকে বাঁচতে একদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি।’

 

এদিকে লঞ্চের যাত্রীরা লোকাল বাসে পাটুরিয়া পুরোনো ট্রাক টার্মিনালে এসে নামছেন। এরপর অনেকটা হেঁটে বা রিকশা ও তিন চাকার ইজিবাইকে লঞ্চঘাটে এসে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠছেন। অনেকেই প্রাইভেটকারে ঈদে বাড়ি ফিরছেন। এসব যানবাহন পাটুরিয়া ঘাটের আগে আরসিএল মোড় থেকে ৫ নম্বর ঘাটে আসছে। এরপর সেখান থেকে টিকিট সংগ্রহ করে ৫ নম্বর ঘাট হয়ে ফেরিতে উঠছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বলেন,  পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদে ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হবে।

মূল সড়ক থেকে পন্টুনগুলো নিচু হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভাঙনের কারণে এমন পরিস্থিতি হয়েছে। এটি দ্রুত ঠিক করা সম্ভব নয়। ফলে যাত্রীদের একটু কষ্ট করতেই হবে।

বিআইডব্লিউটিএ সূত্র অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

Popular

More like this
Related

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে...

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির ‘মৃত্যুর দাবি’ নিয়ে যা জানা গেল

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি ‘নিহত’ হয়েছেন বলে...

কিউবা ‘দখলে নিতে চান’ ট্রাম্প

কঠোর তেল নিষেধাজ্ঞায় তীব্র বিদ্যুৎ সংকটে থাকা কিউবাকে ‘দখলে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া।...