পঞ্চগড়ের বোদায় ট্রাকের সঙ্গে ডিজেলচালিত থ্রি হুইলারের সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। ঘটনায় আহত হন ২ শিশুসহ আরও ৫ জন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি গ্রামের দেবীগঞ্জ-বোদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বোদা থানার উপপরিদর্শক সৈয়দ মামুন হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা চেপ্টিপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী খৈটালী বর্মন (৫০)।
স্থানীয়দের বরাতে উপপরিদর্শক মামুন জানান, ডিজেলচালিত থ্রি-হুইলারটি বোদা বাজারের দিকে আসছিল। এ সময় চন্দনবাড়ি এলাকায় দেবীগঞ্জগামী একটি ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ওভারটেক করে সামনে এগিয়ে গেলে সংঘর্ষ হয় ।
খৈটালী বর্মন ঘটনাস্থলেই নিহত হন। ২ শিশুসহ থ্রি-হুইলারের অন্য ৬ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪৬ বছর বয়সী আহত আরেক নারীকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, অবস্থার অবনতি হতে থাকায় নাসিমুল ইসলাম নামে এক যুবককে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দ্য ডেইলি স্টারকে উপপরিদর্শক মামুন জানান, ট্রাক চালক ও তার সহকারী গাড়ি রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ যানবাহন দুটো জব্দ করেছে ও মামলার প্রস্তুতি চলছে।