ন্যাশনস লীগের ফাইনাল থেকে রোনালদোদের হারানোর টোটকা খুঁজছেন স্পেন কোচ

Date:

নামের ভারে বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ পর্তুগাল বনাম স্পেন। আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের উয়েফা ন্যাশনস লীগের ফাইনালে। সেই ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। সেই ম্যাচের ভিডিও বিশ্লেষণ করেই এবার পর্তুগাল বধের রণকৌশল সাজাচ্ছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

মিউনিখের সেই ম্যাচে পর্তুগালকে হারাতে পারেনি স্পেন। হারাতে পারেনি বিশ্বকাপে মুখোমুখি হওয়া শেষ ম্যাচেও। ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচ। এবার শেষ ষোলোর ম্যাচে প্রতিবেশী দেশকে হারাতে তাই পুরনো ভিডিও বিশ্লেষণে জোর দিচ্ছেন স্পেন কোচ। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দে লা ফুয়েন্তে বলেন, ‘গত সপ্তাহে আমি আবার সেই ফাইনালের ভিডিও ফুটেজ দেখেছি। প্রতিপক্ষ সম্পর্কে যত বেশি জানতে পারব তত আমরা এগিয়ে থাকব। আমরা তাদের শক্তিমত্তা সম্পর্কে অবগত থাকতে চাই, এবং প্রতিটি দলের যেমন দুর্বলতা আছে, তেমনি তাদের দুর্বলতাগুলোও জেনে নিতে চাই’। 

দুই দলের ফুটবল দর্শনকে অনেকটা একই রকম আখ্যা দিয়ে দে লা ফুয়েন্তে বলছেন, ম্যাচে ছোটখাটো বিষয়গুলো যারা নিজেদের পক্ষে আনতে পারবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছি যাদের মান আমাদের কাছাকাছি। ছোটখাটো বিষয়গুলো এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা ওদের হাতে খেলার নিয়ন্ত্রণ তুলে দিতে চাই না’। 

ম্যাচের আগে অবধারিতভাবে রোনালদোকে নিয়েও কথা বলতে হয়েছে ইউরোজয়ী স্প্যানিশ কোচকে। দে লা ফুয়েন্তে বলছেন, রোনালদো না খেললেই তিনি খুশি হতেন, ‘সে এমন এক ফুটবলার যে মুহূর্তের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার প্রতি মনোযোগী না হওয়ার কোনো সুযোগ নেই। এমন না যে আমাদের ম্যান মার্কিং করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সে এই ম্যাচে না খেললেই আমি খুশি হতাম, কিন্তু আমার ধারণা সে খেলবে’।  

স্পেনের রক্ষণভাগের অন্যতম কাণ্ডারি বার্সেলোনার টিনেজার পাউ কুবার্সি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণভাবে নিজের দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু রোনালদোর মতো অভিজ্ঞ গোলদাতার সামনে কুবার্সিকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী স্পেন কোচ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজের খেলোয়াড়দের উপর পূর্ণ আস্থাই রেখেছেন দে লা ফুয়েন্তে, ‘রোনালদোর বিপক্ষে আপনি কখনোই নির্ভার থাকতে পারবেন না, যেমন পারবেন না লামিন কিংবা ওয়ারজাবালের বিপক্ষে। আমার খেলোয়াড়দের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। পাউ এবং লাপোর্ত দুইজনই ভরসার প্রতিদান দিয়েছে। যেকোনো প্রতিপক্ষকে আটকানোর সক্ষমতা ওদের আছে’। 

এই ম্যাচে লেফট উইংয়ে নিকো উইলিয়ামসকে দেখা যাবে কি না সে ব্যাপারে অবশ্য কিছু নিশ্চিত করেননি স্পেন কোচ। ২০২৪ সালের ইউরোজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নিকো এখনও কোনো ম্যাচের শুরুর একাদশে থাকেনি। পর্তুগালের বিপক্ষেও তার শুরু করার সম্ভাবনা কম। তবে স্পেন কোচ জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে নিকোকে কখন নামানো হবে। 

Popular

More like this
Related

‘তোমার ওপর খুব রাগ হয়, কেন অভিনয় করো না?’

টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তনিমা হামিদ এখন পুরোপুরি...

তুরস্কে স্কুলে শটগান নিয়ে ঢুকে সাবেক শিক্ষার্থীর গুলি, আহত ১৬

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি হাইস্কুলে সাবেক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত...

অবসরের পর নিয়োগের সুযোগ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলতে পারে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অবসরের পর বিচারপতিদের লাভজনক পদে...

আবদুল্লাহ আবু সায়ীদ: এক আলোকযাত্রার নাম

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই। এটি কেবল...