স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনাকে ‘পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের কাছে তাকে গুলি করে হত্যা করে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখছি, সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালের ঘটনাটিও তারই একটি অংশ। হতে পারে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে কিছু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না। এ দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। গণভোট ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও দাবি তুলে ধরেছিল। শেষ পর্যন্ত তারা বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে। এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনকে জানাবে। কমিশন ও সরকার যথাযথভাবে সেগুলোর সমাধান করবে।
দলের ভেতরে আসন সমঝোতা ও মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি। একটি বড় দল হিসেবে সবারই প্রত্যাশা থাকে। বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে আমাদের দলের অনেককে বঞ্চিত করতে হয়েছে। সে ক্ষেত্রে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং বুঝিয়ে তাদের শান্ত করার চেষ্টা করা হবে।