ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ভোটের ৪ দিন আগে ৮ ফেব্রুয়ারি মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলা বাহিনী। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন নিয়োজিত থাকবেন তারা।
মেট্রোপলিটন এলাকায় প্রত্যেক ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ সদস্য দায়িত্ব পালন করবেন।
আর মেট্রোপলিটন এলাকার বাইরে প্রত্যেক ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ থেকে ১৬ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ১৮ সদস্য মোতায়েন থাকবে।