নরসিংদীতে দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

Date:

দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। শক্তিশালী এই কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং দোকানের তাক থেকে মালামাল পড়ে গেছে। ভবন থেকে ইট খসে পড়ে অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবন থেকে ইট খসে পড়ে দুজন পথচারী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে, তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজের দোকানগুলোতে কাঁচের জিনিসপত্র ভেঙে ক্ষতি হয়েছে।

ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, ‘আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সবকিছু তাকে থেকে পড়ে যায় এবং আসবাব ভেঙে যায়। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।’

একই বাজারের মুদিদোকানি আসলাম মিয়া জানান, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে তিনি প্রথমে পরিস্থিতি বুঝে উঠতে পারেননি। তিনি বলেন, ‘প্রথমে মনে হয়েছে কেউ দোকানে হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পারি ভূমিকম্প। এতে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি।’

এদিকে কম্পনের ফলে বহুতল ভবনে ফাটল দেখা দেওয়ায় মানুষের মধ্যে ভীতি কাজ করছে। ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, ‘আমাদের মাদ্রাসার ছয়তলা ভবনের চার–পাঁচটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সবাই আতঙ্কিত।’

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী উপজেলা।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

 

Popular

More like this
Related

ওমানের বৈঠক বিলম্বিত, চলছে ইরান-যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের প্রস্তুতি

অল্প সময়ের মধ্যেই ওমানের রাজধানী মাসকাটে শুরু হতে যাচ্ছে...

ইতালির বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না সেই বার্নসই

ইতালির ক্রিকেট জাগরণে অন্যতম মুখ্য ভূমিকা রেখেছিলেন জো বার্নস।...

প্রশাসনকে আন্ডারে আনতে হবে, আমাদের কথায় উঠবে-বসবে-গ্রেপ্তার করবে: জামায়াত নেতা শাহজাহান

নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকেও জামায়াতে ইসলামীর অধীনে...

ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।...