লিগ টেবিলের তলানির দল উলভসের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। দুই গোলের লিড ধরে রাখতে না পারায় নিজেদের করা ভুলের জন্য সমালোচনার দায় মাথা পেতে নিয়েছেন গানার কোচ মিকেল আর্তেতা। একই সঙ্গে শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে খেলোয়াড়দের ‘ঘুরে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাতে তুষারপাত সিক্ত মলিনাক্স স্টেডিয়ামে বুকায়ো সাকা এবং পিয়েরো হিনকাপিয়ের গোলে জয়ের পথেই ছিল আর্সেনাল। এই জয়ে টেবিলের শীর্ষে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় টেবিল টপারদের।
ম্যাচের অন্তিম মুহূর্তে হুগো বুয়েনোর দর্শনীয় গোল উলভসের ব্যবধান কমায়। এরপর যোগ করা সময়ে আর্সেনাল গোলরক্ষক দাভিড রায়া এবং রক্ষণভাগের স্তম্ভ গ্যাব্রিয়েল মাগালহায়েসের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সমতা ফেরান অভিষিক্ত তরুণ টম এডোজি।
ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ ড্রয়ের পর এটি আর্সেনালের টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর ঘটনা। বর্তমানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকলেও সিটিজেনদের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। এপ্রিলে সিটির মাঠে সরাসরি লড়াইয়ে নামবে এই দুই দল।
ম্যাচ শেষে আর্তেতা তাঁর হতাশা লুকিয়ে রাখেননি। তিনি বলেন, ‘ভীষণ হতাশ। আমাদের এটা মেনে নিতে হবে। নিজেদের সমালোচনা করতে হবে কারণ আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।’
আর্তেতা আরও যোগ করেন, ‘লিগের বাস্তবতা হলো গত কয়েক মাসে আমরা ধারাবাহিক ছিলাম না।’
২০২৬ সালে এখন পর্যন্ত খেলা আটটি লিগ ম্যাচে ১১ পয়েন্ট হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। গত দুই মৌসুমেও সিটির সঙ্গে শিরোপা লড়াইয়ে শেষ মুহূর্তে খেই হারিয়েছিল তারা। এবারও সেই পুরনো ভুলের ছায়া দেখছেন সমর্থকরা।
এ মৌসুমে ২৭ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া উলভসের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আর্তেতা বেশ ক্ষুব্ধ। আবেগ নিয়ন্ত্রণে রেখে তিনি বলেন, ‘এটা মেনে নেওয়া খুব কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে খেলেছি, তা প্রিমিয়ার লিগের ম্যাচ জেতার জন্য যথেষ্ট নয়।’
খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘কিছু মৌলিক কাজ আমাদের করতে হতো, কিন্তু আমরা একের পর এক ভুল করেছি। ফলে ম্যাচে আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এখন আবেগ দিয়ে কিছু বিচার না করাই ভালো। আমরা এই সমালোচনার যোগ্য, তাই আমাদের তা হজম করতে হবে।’
২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার খোঁজে থাকা আর্সেনালকে আগামী রবিবার টটেনহ্যামের বিপক্ষে উত্তর লন্ডনের ডার্বিতে মাঠে নামতে হবে। এরপর ১ মার্চ ঘরের মাঠে চেলসির মোকাবিলা করবে তারা।
ম্যাচ শেষে গোলরক্ষক রায়া ও গ্যাব্রিয়েলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং গানার স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস কর্তৃক উলভসের ইয়ারসন মস্কোরাকে ধাক্কা দেওয়ার ঘটনায় দলের ভেতরকার অস্থিরতা ফুটে উঠেছে।
চাপ সামলানো প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘তাদের খুব কাছাকাছি থাকতে হবে এবং তাদের মনে করিয়ে দিতে হবে তারা কতটা দক্ষ। আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। কঠিন সময়ে আমাদের দেখাতে হবে আমরা শিরোপাটা কতটা চাই এবং আমরা কতটা ভালো দল।’