ঢাবিতে সাবেক জার্মান ফুটবলার ওজিল, উপচে পড়া ভিড়
সাবেক জার্মানি ও রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা মেসুত ওজিলের দেখা পাওয়া গেছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) । তুরস্কের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নবসংস্কারকৃত ‘শহীদ বুদ্ধিজীবী মোর্তজা মেডিকেল সেন্টার’ উদ্বোধন করেন তিনি। তুরস্ক বংশোদ্ভুত এই ফুটবল তারকাকে হঠাৎ দেখে শিক্ষার্থীদের মাঝে আলোড়ন তৈরি হয়।
জার্মান জাতীয় দলের সাবেক এই ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার সংস্কারকৃত স্থাপনাটি ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে ছবি তোলেন।
প্রিয় ফুটবল তারকাকে এক নজর দেখতে ঢাবি ক্যাম্পাস জুড়ে ছিল ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে মেডিকেল সেন্টার এলাকায় ওজিলের উপস্থিতি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ওজিলকে একটি স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিলাল এরদোয়ান জানান, ওজিল কক্সবাজার সফর করবেন এবং সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবলে মেতে উঠবেন। তুর্কি সংস্থাগুলোর চলমান মানবিক সহায়তার অংশ হিসেবেই তার এই সফর বলে তিনি উল্লেখ করেন।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সংস্থার সহায়তায়ই মেডিকেল সেন্টারের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আধুনিকায়নের ফলে ঢাবি পরিবারের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।