ঢাকাই সিনেমার আলোচিত নায়ক বাপ্পারাজ। নব্বই দশকে প্রেমের সিনেমাগুলোতে তাকে প্রেমিক হিসেবে স্যাক্রিফাইজ চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যেত। তাই পর্দায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে দর্শকরা তাকে বেশি পছন্দ করতেন। আর এই চরিত্র দিয়েই তিনি দর্শকের হৃদয়ে এখনো টিকে আছেন। এমন কি তার অভিনীত সিনেমার গানে বিরহ, বিচ্ছেদ দর্শকদের প্রিয় হয়ে আছে।
সবমিলিয়ে দর্শকদের কাছে ট্র্যাজেডি নায়ক হিসেবে বেশি পরিচিত বাপ্পারাজ। আজ ১১ ফেব্রুয়ারি ঢাকাই সিনেমার এই নায়কের জন্মদিন।
বাপ্পারাজ অভিনীত সিনেমার মধ্যে আছে ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘প্রেমের নাম বেদনা’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ একটি আইকনিক প্রেমের সিনেমা। সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এতে বাপ্পারাজের বিপরীতে ছিলেন নায়িকা শাবনাজ। এই সিনেমায় এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘প্রেমের সমাধি ভেঙে’ ও ‘তুমি বন্ধু আমার চির সুখে থেকো’ গান দুটির চিত্রায়নে বাপ্পারাজকে ব্যর্থ প্রেমিক হিসেবে দেখা গেছে। কিছুদিন আগে সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।
বাপ্পার আরেকটি ত্রিভুজ প্রেমের সিনেমা ‘প্রেমগীত’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছিলেন লিমা ও ওমর সানী। এই সিনেমাতেও তাকে ব্যর্থ প্রেমিকের চরিত্রে দেখা গেছে।
নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘প্রেমের নাম বেদনা’ সিনেমায় ‘তোমরা সবাই থাকো সুখে’ গানে বিরহী প্রেমিক রূপে দেখা যায় বাপ্পারাজকে।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘হারানো প্রেম’ সিনেমাতে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ত্রিভুজ প্রেমের সিনেমাতে বাপ্পারাজের সঙ্গে ওমর সানী, মৌসুমি, দিলদারসহ অনেকে অভিনয় করেছেন।
ওয়াকিল আহমেদ পরিচালিত ‘ভুলোনা আমায়’ সিনেমাটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় বাপ্পারাজ, শাবনূর, অমিত হাসানসহ অনেকেই অভিনয় করেন। ‘ভুলোনা আমায়’ সিনেমায় বাপ্পারাজের চিত্রায়নে এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘আমিতো একদিন চলে যাবো’ গানটি আজও বেশ পছন্দ করেন শ্রোতারা।
ছটকু আহমেদ পরিচালিত সিনেমা ‘বুক ভরা ভালোবাসা’। সিনেমাটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় অভিনয় করেন বাপ্পারাজ, রিয়াজ, শাবনূরসহ অনেকে।
পিতা নায়করাজ রাজ্জাক পরিচালিত সিনেমা ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে সিনেমায় অভিষেক হয় বাপ্পারাজের।
বাপ্পারাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, পোড়ামন ২’।