ডিউটি ফ্রি গাড়ি-সরকারি প্লট নেবে না বিএনপি

Date:

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে—বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। এছাড়া, সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

এর আগে সকাল পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথম দফায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করানোর কথা থাকলেও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শপথ গ্রহণ করবেন না।

সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সিইসি এই দায়িত্ব পালন করলেন। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জিতেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফল ঘোষণা করা হয়নি।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...

আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক...