ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার নথি ছিনতাইয়ের অভিযোগ

Date:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার নথিপত্র ইউএনও কার্যালয় থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন তার লোকজন নিয়ে হট্টগোল সৃষ্টি ও নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় আছেন। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ গতকাল রাতেই হরিপুর থানায় একটি মামলা করেন। এতে জামাল উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ ও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি মেদিনী সাগর বিএম কলেজে একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া (মহিলা কর্মী) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার বিকেলে ওই দুই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষা শেষে নিয়োগ কার্যক্রম চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনও কার্যালয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান। এ সময় তার সঙ্গে প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী ছিলেন।

কলেজটির অধ্যক্ষ ও নিয়োগ পরীক্ষার কমিটির সদস্যসচিব হারুন অর রশিদ বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি একদল লোক নিয়ে এসে ইউএনওকে নিয়োগ পরীক্ষা বন্ধ করতে হুমকি দেন। একপর্যায়ে তারা পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে জামাল উদ্দিন বলেন, ‘নিয়োগের জন্য ইউএনও টাকা নিচ্ছেন— আমরা এমন তথ্য পেয়েছিলাম। অফিসের দরজা বন্ধ করে চার প্রার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছিল, এতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। বিষয়টি জানতে পেরে আমি সেখানে গেলে ইউএনওর সঙ্গে অনিয়ম নিয়ে কথা কাটাকাটি হয়।’

পরে কাগজপত্র ইউএনও কার্যালয়ে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনও রাইহানুল ইসলাম বলেন, ‘নিয়োগ পরীক্ষার সময় উপজেলা বিএনপির সভাপতি লোকজন নিয়ে এসে প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান। আমরা রাজি না হওয়ায় তারা উত্তেজিত আচরণ করেন ও একপর্যায়ে কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান।’

Popular

More like this
Related

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে কত জাহাজ

পারস্য উপসাগরের দুবাই উপকূলের কাছে গত বৃহস্পতিবার স্থানীয় সময়...

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...