টুইট বিতর্কে নাসিম শাহকে রেকর্ড জরিমানা

Date:

রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এক টুইটকে ঘিরে বড় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জরিমানার এক নজির গড়ে তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ লাখ টাকা।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, শো-কজ নোটিশের জবাব ও শুনানি শেষে নাসিমকে এই জরিমানা করা হয়েছে। অভিযোগ, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে ইঙ্গিত করে সমালোচনামূলক মন্তব্য করা হয়েছিল।

পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের হয়ে খেলার আগে ওই পোস্টটি করা হয়। যেখানে পিসিবির একটি পোস্ট উদ্ধৃত করে নাসিমের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছিল, ‘লর্ডসে রাণীর মতো তাকে কেন আচরণ করা হচ্ছে?’ যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয় এবং জানানো হয়, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পরে সেটি পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে শুনানিতে নাসিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেন। পিসিবি জানিয়েছে, ওই ম্যানেজারকে ভবিষ্যতে বোর্ডের অধীন কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিষিদ্ধ করা হয়েছে।

তবুও কঠোর অবস্থান থেকে সরে আসেনি বোর্ড। পিসিবি বলেছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ভঙ্গ করেছেন এবং পেশাদার মান, চুক্তিগত বাধ্যবাধকতা ও খেলাটির মর্যাদা রক্ষায় তারা আপসহীন।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের রাজনৈতিক মন্তব্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। গত বছরও অলরাউন্ডার আমির জামালকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থনসূচক বার্তা প্রদর্শনের কারণে এক মিলিয়নের বেশি রুপি জরিমানা করা হয়েছিল।

তবে নাসিমের জরিমানার অঙ্ক সেই শাস্তির চেয়ে ১৬ গুণেরও বেশি, যা তার কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমান। বর্তমানে তিনি ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর পিএসএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন নাসিম শাহ। রাওয়ালপিন্ডিজ তাকে দলে ভেড়ায় ৮ কোটি ৬৫ লাখ রুপিতে।

Popular

More like this
Related

গাজীপুরে ৩৩৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার, পাম্প মালিক-ব্যবস্থাপকের কারাদণ্ড

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে...

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...