বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ দুপুর ১২টায় তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
তবে তারা শপথ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দ্য ডেইলি স্টারকে জানান, বিষয়টি নিয়ে জোটের শীর্ষ নেতারা এখন বৈঠকে বসেছেন। জাতীয় সংসদ ভবনেই এই বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত আছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা শপথ নেবেন কি নেবেন না, তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।’
এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংসদ হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর কারণ হিসেবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’
বিএনপির এই অবস্থানের পরিপ্রেক্ষিতেই জামায়াত জোটের নির্বাচিত এমপিদের শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নেয়নি—এটাকে ধরেই এখন আলোচনা চলছে যে তারা শপথ নেবেন কি না। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
বেলা ১২টা শপথ গ্রহণের নির্ধারিত সময় হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত জোটের নেতাদের বৈঠক চলছিল।