কানাডার শীর্ষ ফুটবল লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের পথচলা শেষ হলো বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত সোমের। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে শমিতের বিদায়ের খবর নিশ্চিত করেছে।
ক্যাভালরি এফসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে শমিত সোম এবং তার সতীর্থ দিয়েগো গুটিয়েরেজের বিদায় নিশ্চিত করে একটি বার্তা দিয়েছে। সেখানে বলা হয়, ‘ক্যাভালরি এফসি নিশ্চিত করছে যে শমিত সোম ও দিয়াগো গুটিয়েরেজ ২০২৬ মৌসুমে আর ক্লাবে ফিরবেন না। ক্লাব তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা রইল।’
২০২৩ সালে ক্যাভালরি এফসিতে যোগ দেওয়ার পর মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন শমিত। তিন বছরে ক্লাবের জার্সিতে তিনি মোট ৭৯টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ। ক্লাবের হয়ে তিনি সিপিএল শিল্ড এবং নর্থ স্টার কাপ জয়ের গৌরব অর্জন করেছেন।
শমিত সোমের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো তার আন্তর্জাতিক অঙ্গন। শুরুতে কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নিজের বাবা-মায়ের শেকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই তারকা। এরপরই লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটে এই মিডফিল্ডারের। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঝমাঠের অন্যতম ভরসা এবং অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
কানাডার ক্লাব ফুটবলের অধ্যায় শেষ করার পর শমিতের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে এখন দেশের ফুটবল অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।