চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিকরা, পণ্য ওঠা-নামা বন্ধ

Date:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আট ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক ও কর্মচারীরা। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে কনটেইনার ও কার্গো ওঠানো-নামানোর কাজ বিঘ্নিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক বন্দর সিবিএ নেতাদের ডাকে এই কর্মসূচি চলছে। আগামীকালও তারা আট ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বন্দর সূত্রে জানা গেছে, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতির অপারেটররা কাজ বন্ধ রাখায় পণ্য ওঠানো-নামানো ও পরিবহন কার্যক্রম থেমে আছে। জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের তিনটি জেটিতে নোঙর করা তিনটি জাহাজের পণ্য ওঠানো-নামানোর কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা কাজ বন্ধ রাখায় আমরা আমাদের নিয়োজিত জেটি শ্রমিকদের দিয়ে কাজ করাতে পারছি না। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অপারেটররাও জিসিবিতে কাজ করছেন না।’

আজ সকালে অন্য স্বাভাবিক দিনের তুলনায় বন্দরে কার্গো ও কনটেইনারবাহী যানবাহনের প্রবেশ কম দেখা গেছে।

এদিকে কর্মবিরতিকে কেন্দ্র করে বন্দর প্রশাসনিক ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) কর্মবিরতির ব্যাপারে সতর্ক করে নোটিশ জারি করে। এতে বলা হয়, এনসিটি নিয়ে সরকারের সিদ্ধান্ত এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল বেআইনিভাবে সভা-সমাবেশ ও কর্মবিরতি পালন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

দেশের প্রধান সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে হুঁশিয়ার করা হয়।

Popular

More like this
Related

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে...

দুইবার আইপিএলজয়ী রাসেলসহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা

আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ সম্পর্কের ইতি...

১০ম গ্রেডে বেতনসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান

১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ...