চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিয়েছেন স্বামী। গতকাল সন্ধ্যায় ইফতারের পর এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম হালিমা আক্তার (৩০)। এ ঘটনায় তার স্বামী জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, জহিরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
জহিরুলের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল ইফতারের কিছু আগে পারিবারিক একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জহিরুল তার স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পর জহিরুল নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানান। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহত হালিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।