চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি: অস্ত্রসহ ‘বড় সাজ্জাদ’ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

Date:

চট্টগ্রাম নগরে এক ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তল ও পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া এই তিনজন হলেন—আবদুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন, মোহাম্মদ মনির ও মোহাম্মদ সায়েম। পুলিশ বলছে, তারা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর সহযোগী।

গতরাত সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, ১০ কোটি টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের মালিক মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় এই অস্ত্রগুলো দিয়ে হামলা চালানো হয়।

এর আগে চাঁদার দাবিতে গত ২ জানুয়ারি চন্দনপুরায় মোস্তাফিজুর রহমানের বাসায় প্রথমবার গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে পিস্তলটি গত বছরের ৫ আগস্ট ডবলমুরিং থানা এবং রিভলবারটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল। আর এসএমজিটি খাগড়াছড়ির একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে কেনা। এসএমজির ৫০টি এবং রিভলবারের ৯টি গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরের বিভিন্ন স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। চকবাজার থেকে রিভলবার ও গুলি, পাঁচলাইশ থেকে টরাস পিস্তল ও একটি মোটরসাইকেল এবং খুলশী থেকে দুটি ম্যাগাজিনসহ এসএমজিটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক আরও জানান, গ্রেপ্তার আবদুল কাইয়ুম ২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাটে আটজনকে হত্যার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে মনির ও সায়েম প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ ১০টি করে মামলা রয়েছে।

তিনি জানান, চকবাজার, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের সমন্বিত অভিযানে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ওয়াহিদুল বলেন, ‘আবদুল কাইয়ুমের কাছ থেকে আমরা একটি ভিডিও উদ্ধার করেছি, যেখানে দেখা যায়—বড় সাজ্জাদ বাহিনীর এক নতুন সদস্য পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিচ্ছেন।’

সাজ্জাদের নির্দেশে এই বাহিনী খুন, ডাকাতি, চাঁদাবাজি এবং বালুমহাল নিয়ন্ত্রণে সক্রিয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Popular

More like this
Related

উইকেট নিয়ে এবার আর ‘অভিযোগ’ নেই হেসনের, দায় দিলেন ব্যাটারদেরই

গত বছর টি-টোয়েন্টি সিরিজের সময় এই মিরপুরের উইকেট নিয়েই...

মজুদ থেকে দৈনিক ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে আইইএ

বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত মজুদ থেকে প্রতিদিন ৪০০...

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের...

ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারসহ...