লা লিগায় শিরোপার লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে পড়ে রিয়ালের শিরোপা স্বপ্ন যখন ফিকে হতে শুরু করেছে, ঠিক তখন কোচ আলভারো আরবেলোয়া বললেন—‘কেউ হাল ছাড়ছে না’।
মার্তিন সাতরিয়ানোর দুর্দান্ত এক ভলিতে পরাস্ত হয় রিয়াল। ২০২০ সালের পর এই প্রথম স্প্যানিশ লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল দলটি। ম্যাচের যোগ করা সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, যা ‘লস ব্ল্যাঙ্কোস’দের জন্য রাতটিকে আরও তিক্ত করে তোলে।
ম্যাচ শেষে আরবেলোয়া সাংবাদিকদের বলেন, ‘নিঃসন্দেহে এটি এমন একটি ম্যাচ যেখানে আমরা আরও ভালো কিছু করতে পারতাম। তবে আমার মনে হয় খেলোয়াড়রা চেষ্টা করেছে এবং প্রতিপক্ষের চেয়ে আমাদের সুযোগ বেশি ছিল। কিন্তু ফুটবলে শুধু যোগ্য হওয়াই যথেষ্ট নয়, গেটাফে আজ দারুণ খেলেছে।’
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে চোটের কারণে স্কোয়াডে না থাকায় আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ছিলেন গনজালো গার্সিয়া। ম্যাচের শুরুতেই গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন ২০২৬ সালে উড়ন্ত ফর্মে থাকা ভিনিসিয়াস, কিন্তু গেটাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া সেটি রুখে দেন। এরপর আর্দা গুলারের একটি চমৎকার শটও তালুবন্দি করেন সোরিয়া।
ম্যাচের একমাত্র গোলটি আসে উরুগুয়ের ফরোয়ার্ড সাতরিয়ানোর পা থেকে। স্বদেশী মাউরো আরামবারির পাস থেকে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি।
আগামী শুক্রবার লা লিগায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে মাদ্রিদ। এরপরই চ্যাম্পিয়ন্স লিগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামতে হবে তাদের। এমবাপের চোট নিয়ে সংশয় থাকলেও শিরোপার আশা ছাড়ছেন না আরবেলোয়া।
মাদ্রিদ বস আরও বলেন, ‘এখানে কেউ হাল ছাড়ছে না, কারণ এটি রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। চার পয়েন্টের এই ব্যবধান ঘুচিয়ে ফেলা সম্ভব এবং আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
এই জয়ের মাধ্যমে ২০০৮ সালের পর বার্নাব্যুতে প্রথম জয়ের দেখা পেল হোসে বোরদালাসের গেটাফে। পয়েন্ট তালিকায় তারা এখন ১১ নম্বরে উঠে এসেছে।