খেলোয়াড়দের রাজনীতি দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Date:

রাজনীতি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ক্রীড়াবিদদের সামনে নতুন দিগন্তের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পথে সরকারের আনুষ্ঠানিক যাত্রার কথাও ঘোষণা করলেন তিনি।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার্ড ও ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ক্রীড়াবিদদের উদ্দেশে বলেন, পেশাদার ক্রীড়া জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত না হয়ে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমেই দেশকে প্রতিনিধিত্ব করা উচিত।

অনুষ্ঠানে ক্রীড়াবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের পেশাদার ক্রীড়া জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়; বরং ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করতে হবে।’

প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের দেশ-বিদেশে জয় তুলে এনে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উঁচুতে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশপ্রেম, দৃঢ় মানসিকতা ও দলগত চেতনা থাকলে সাফল্যের পথে কোনো বাধাই টিকতে পারে না।

বর্তমান বিশ্বে খেলাধুলা আর শুধু বিনোদন বা শরীরচর্চার বিষয় নয়, এটি এখন একটি পেশা হিসেবে স্বীকৃত জানিয়ে বলেন, ‘বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আমাদের দলীয় ইশতেহারে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল। আজ থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।’

পরাজয়কে সাফল্যের অংশ হিসেবে উল্লেখ করে আলবার্ট আইস্টাইনের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে ব্যক্তি কখনো পরাজিত হয়নি, সে কখনো কিছু করার চেষ্টা করেনি।’

ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকার একটি নীতিমালার আওতায় তাদের বেতন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি, ‘দেশের ইতিহাসে এই প্রথম ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে স্পোর্টস কার্ড ও ভাতা দেওয়া হচ্ছে।’

সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’, ইমাম-খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলে ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আজ ‘স্পোর্টস কার্ড’ চালু হলো। শারীরিক প্রতিবন্ধী কিন্তু ক্রীড়ায় সক্ষম ব্যক্তিরাও এই কার্ড পাবেন বলে জানান তিনি।

‘স্পোর্টস ফর অল’ ধারণার আওতায় সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

ক্রিকেট ও ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও তীরন্দাজি, বক্সিং, যোগব্যায়াম, জিমন্যাস্টিকস, ক্যারম, ভারোত্তোলন, উশু, সাঁতার, প্যারা সাঁতার, অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, ব্রিজ, ফুটসাল ও ব্যাডমিন্টনসহ আরও অনেক খেলায় সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব খেলায় সরকার ও বেসরকারি খাতের সহায়তা পেলে দেশ গৌরব বয়ে আনতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি সাফ নারী ফুটসালে বাংলাদেশের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

শিক্ষা ব্যবস্থায় চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পাঠ্যক্রম সংশোধনের কাজ শুরু করেছে।

এছাড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ নতুন আঙ্গিকে সারাদেশে চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ১৯৭৬ সালে শুরু হওয়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই আয়োজনটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে নতুনভাবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী স্পোর্টস কার্ড ও ভাতা কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ল্যাপটপে বোতাম চাপ দিয়ে কর্মসূচির সূচনা করেন, যার মাধ্যমে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থায় প্রত্যেক ক্রীড়াবিদের হিসাবে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে স্পোর্টস কার্ড তুলে দেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল ক্রীড়াবিদদের সম্মাননা জানান তিনি।

Popular

More like this
Related

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...

তলানিতে থেকেও বিশ্বকাপের দুয়ারে সুইডেন

ব্যর্থতায় ভরা বাছাইপর্ব. চার হার, গ্রুপে তলানিতে শেষ; তবুও...