খালি নেই সাজেকের রিসোর্ট-কটেজ, ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটি

Date:

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। সাজেক ভ্যালির সব রিসোর্ট-কটেজ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে।

আজ রোববার ঈদের পরদিন কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিকেলে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যটকরা ঝুলন্ত সেতুর পাশ থেকেই বোট ভাড়া করে কাপ্তাই হ্রদের নীল জলরাশি উপভোগ করছেন। 

পাশাপাশি পর্যটন হলিডে কমপ্লেক্সের সানরাইজ ইকো পার্কেও অনেক ভ্রমণপ্রেমীকে অবকাশ যাপন করতে দেখা গেছে।

এছাড়া, রাঙ্গামাটির পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, আসামবস্তি ব্রিজ ও আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কে (বড়াদম) পর্যটক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তবে এবারের ঈদে রাঙ্গামাটির অন্যতম নতুন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ‘সওজ লেকভিউ গার্ডেন’। প্রায় শতাধিক প্রজাতির ফুলের এই বাগানে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে ট্যুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।

ঢাকা থেকে আসা পর্যটক মোহাম্মদ ইব্রাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এর আগেও রাঙ্গামাটিতে অনেকবার এসেছি, তবে ঈদের ছুটিতে এবারই প্রথম। উৎসবের আমেজে রাঙ্গামাটির রূপ অন্যরকম লাগছে।’

এদিকে, মেঘ-পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালিতেও পর্যটকদের ঢল নেমেছে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সাজেকের শতাধিক রিসোর্ট ও কটেজ এখন শতভাগ বুকিং দেওয়া।

রঙ্গামাটি জেলা শহরের হোটেল-রিসোর্টগুলোর অবস্থাও একইরকম।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের মোটেলের ৮০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। ঈদের দিন থেকেই পর্যটকরা রাঙ্গামাটিতে আসতে শুরু করেছেন। তারা ঝুলন্ত সেতুর পাশাপাশি সানরাইজ ইকো পার্কেও ঘুরে বেড়াচ্ছেন।’

পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টার ব্যবস্থাপক মো. সোহেল জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৪ হাজার পর্যটক টিকিট কেটে ঝুলন্ত সেতুতে প্রবেশ করেছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মন বলেন, ‘আজ থেকে পর্যটকদের আসা শুরু হয়েছে। আমাদের রিসোর্ট ও কটেজগুলো ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং। আজ প্রথম দিনেই প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পর্যটক এসেছেন। কেউ যদি রুম না পেয়ে থাকেন, তবে তাদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করা হবে।’

Popular

More like this
Related

বারবার লক্ষ্য বদলে ট্রাম্প কি ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক...

দাঁড়িয়াবান্ধা খেলা দেখতে হাজারো মানুষের ঢল

আশির দশকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জমজমাট দাঁড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত...

রাজাবিরাটের সাঁওতালপল্লীতে নিজস্ব আমেজে ‘বাহা পরব’

মঞ্চের জাঁকজমক ছাড়াই একান্ত নিজেদের আয়োজনে ‘বাহা পরব’ বা...

রায়োর বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

ক্লান্ত শরীর, ধীর ছন্দ, তবুও ‘ম্যাকারোনি’ ম্যাচে জেতার অভ্যাসে...