খালিদুজ্জামানকে বিএমডিসির নোটিশ উদ্দেশ্যপ্রণোদিত: এনডিএফ

Date:

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

গতকাল মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, খালিদুজ্জামানকে শোকজ নোটিশ প্রদানের সময়, প্রেক্ষাপট ও উপস্থাপন পদ্ধতি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এর মাধ্যমে একজন চিকিৎসক প্রার্থীকে কেন্দ্র করে চিকিৎসক সমাজকে অযাচিতভাবে হেয় করার অপচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

বিবৃতি উল্লেখ করা হয়, বিদেশে উচ্চতর শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করা কোনো অপরাধ নয়; বরং চিকিৎসাবিজ্ঞানে এটি একটি স্বীকৃত ও বৈশ্বিক ধারা। উন্নত দেশগুলো থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের মানুষের চিকিৎসাসেবায় কাজে লাগানো একজন চিকিৎসকের পেশাগত দায়িত্বের অংশ।

এ চিকিৎসক নেতারা বলেন, এ ধরনের অভিযোগ উত্থাপনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল পূর্ণাঙ্গ যাচাই, নীতিগত স্বচ্ছতা এবং ন্যায়বিচারের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা।

‘চলমান নির্বাচনী বাস্তবতায় এই শোকজ নোটিশকে কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা যায় না। বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। 

নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে একজন চিকিৎসক প্রার্থীর বিরুদ্ধে এমন পদক্ষেপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং পেশাগত স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।’

গত ১৯ জানুয়ারি বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে ‘এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলোজি অ্যান্ড প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক্স (ভারত)’ ডিগ্রি উল্লেখ করে চিকিৎসাকার্য পরিচালনা করছেন। 

‘বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।’

অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা খালিদুজ্জামানকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।

বিষয়টি নিয়ে মঙ্গলবার ঢাকার একটি হোটেল জামায়াত আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ এর আনুষ্ঠানিকতা শেষে সংবাদ সম্মেলন করেন খালিদুজ্জামান।

এই অভিযোগ প্রসঙ্গে তিনিও এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও তাকে হেয় করার চেষ্টা বলে মন্তব্য করেন। বলেন, তার ‘জনপ্রিয়তা’ দেখে একটি বিশেষ গোষ্ঠী প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি। বরং তারা তাকে সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে খালিদুজ্জামানের সঙ্গে উপস্থিত এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ওয়ালীউল্লাহ বলেন, ‘মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর কোনো কোর্স বাংলাদেশে নেই। বিএমডিসিতে সেগুলোকে ইভালুয়েট করে সনদ দেওয়ার ব্যবস্থাও নাই।’ 

‘যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, সেই বিষয়ে কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে অনেক পরিশ্রম করে, অনেক টাকা খরচ করে যদি একটা ডিগ্রি এনে চিকিৎসার কাজ শুরু করেন তাহলে সমস্যা কোথায়? আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই এর চাইতে দুঃখের কথা আর কী হতে পারে।’

বাংলাদেশে এ বিষয়ে অন্তত ২৫ জন চিকিৎসক আছেন বলেও দাবি করেন তিনি। তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে তাদের (ওই চিকিৎসকদের ) কেন শোকজ করা হলো না?

Popular

More like this
Related

আচরণবিধি লঙ্ঘন: নুরকে ইসির কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও...

চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও...

ভাইকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই ১৫ বছর পর গ্রেপ্তার

বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিন...

প্রচারে নতুন মাত্রা ‘জাকিরের বিদেশি বউ’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর...