কাবুলে হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের, দ্রুত তদন্তের আহ্বান জাতিসংঘের

Date:

কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এসব কথা বলেন।

তিনি বলেন, দেশটির চলমান ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ অংশ হিসেবে সোমবার রাতে কাবুল ও পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ছয়টি ‘নির্ভুল, পরিকল্পিত ও পেশাদার’ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘কোনো হাসপাতাল, মাদক পুনর্বাসন কেন্দ্র বা বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য ছিল সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো, যার মধ্যে গোলাবারুদ ও প্রযুক্তিগত সরঞ্জাম সংরক্ষণাগারও ছিল।’

অন্যদিকে আফগান কর্তৃপক্ষের দাবি, কাবুলের একটি মাদক পুনর্বাসন ক্লিনিকে পাকিস্তানের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাতে কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর জাতিসংঘ দ্রুত ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে বলে জানিয়েছে এএফপি।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খীতান বলেন, ‘কাবুলে মাদক পুনর্বাসন কেন্দ্রে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণে বহু রোগী নিহত হয়েছেন বলে জানা গেছে। দ্রুতই এই ঘটনার স্বাধীনভাবে এবং স্বচ্ছ তদন্ত করতে হবে।’

তিনি দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশের ওপর জোর দেন।

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই হঠাৎ...

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে...