পাকিস্তানের ব্যতিক্রমী অ্যাকশনের স্পিনার উসমান তারিককে নিয়ে তৈরি হওয়া ভীত হওয়ার কিছু দেখছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের মতে উসমান কেবল থেমে বল করেন, এতে বড় কোন সমস্যা হবে না ভারতীয় ব্যাটারদের।
উসমান তারিককে একজন সাধারণ অফ-স্পিনার হিসেবে অভিহিত করেছেন সৌরভ। তার মতে, উসমানের বোলিংয়ের একমাত্র বৈচিত্র্য হলো ডেলিভারি দেওয়ার সময় মাঝপথে কিছুটা থেমে যাওয়া। ভারতীয় ব্যাটাররা তাকে অনায়াসেই সামলে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাগাজিন উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘কোনো কিছুই কঠিন নয়। সে একজন অফ-স্পিনার এবং কেবল একটু থেমে বল করে। সে পুরোপুরি একজন অফ-স্পিনার এবং ভারত তার বিপক্ষে ভালোই খেলবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি উসমানের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হওয়া আলোচনা দেখে খুব একটা প্রভাবিত হননি। যদিও এই স্পিনারের অ্যাকশন নিয়ে ক্রিকেট বিশ্বে যথেষ্ট বিতর্ক ও বিশ্লেষণ চলছে। উসমানের অ্যাকশন দুইবার আইসিসি থেকে বৈধতা পেলেও সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বরাবরের মতো এবারও ভারতই ফেবারিট মনে করেন সৌরভ।
কলম্বোর পিচের কথা ভেবে একাদশে একজন স্পিনার বাড়ানোর পক্ষে ক্রিকেট অ্যাসোশিয়েন অব বেঙ্গলের প্রধান, ‘অক্ষর [প্যাটেল], বরুণ [চক্রবর্তী], [জাসপ্রিত] বুমরাহ এবং আর্শদীপ [সিং] হওয়া উচিত প্রধান বোলার। আমি মনে করি না কুলদীপ যাদবের জন্য রিঙ্কু সিংকে বাদ দেওয়া উচিত, কারণ ব্যাটিং বিভাগের ভারসাম্যের দিকেও খেয়াল রাখতে হবে। আমার মনে হয় একই দল নিয়ে খেলা উচিত।’