ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

Date:

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। রেল সূত্র জানিয়েছে, এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চল ভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

আজ পাওয়া যাচ্ছে ১৩ মার্চের টিকিট। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪ থেকে ১৯ মার্চের টিকিট বিক্রি হবে। ১৩ মার্চ থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে।

সেদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৪ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে।

ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে পাঁচ জোড়া বা ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সার্ভিসে যুক্ত করা হবে।

আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদের জামায়াত উপলক্ষে ভৈরব বাজার-কিশোরগঞ্জ রুটসহ মোট পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

অতিরিক্ত যাত্রী বিবেচনায় নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখা হয়েছে। গতকাল রাজধানীর আব্দুল গণি রোডের রেলভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের নির্দেশ দেন, এই যাত্রীরা এসি বা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করতে পারবেন না।

আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও টিকিট কালোবাজারি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

অনলাইনে সাধারণ যাত্রীদের টিকিট সংগ্রহ নিরাপদ ও নিরবচ্ছিন্ন করতে কঠোর সুরক্ষা ব্যবস্থা ও ব্যবহারবিধি কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে।

নতুন নিয়ম অনুসারে, কোনো ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটের মধ্যে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে সাময়িকভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে।

টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সহজ, সিনেসিস ও ভিনসেন জেভি। তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেখা গেছে। এতে আরও বলা হয়েছে, ১৫ মিনিটের মধ্যে কোনো ব্যবহারকারী তিনবার বা তার বেশি সিট সিলেকশন করলে তার সিট সিলেকশন সুবিধা সাময়িকভাবে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

এদিকে দূরপাল্লার বাসের আগাম টিকিটও আজ থেকে বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত কাউন্টার ও অনলাইনে যেকোনো দিনের টিকিট কিনতে পারবেন।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর পর থেকে...

হরমুজ প্রণালি বন্ধ: ইরান

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের...

ফাগুয়ায় পূর্ণ বোনাস ও বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরির দাবি চা শ্রমিকদের

চা শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাগুয়া (লাল পূজা)...

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

নামে-ভারে ও শক্তিতে চীনের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে...