ই-বেইল বন্ড সেবা আরও ৮ জেলায় চালু

Date:

বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আরও আট জেলায় ই-বেইল বন্ড সেবা চালু করেছে আইন মন্ত্রণালয়।

আজ বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।

এর আগে নারায়ণগঞ্জে ই-বেইল বন্ড সেবা চালু করা হয়েছিল। এই সেবার আওতায় অনলাইনে জামিননামা জমা দেওয়া সম্ভব হওয়ায় অভিযুক্ত ব্যক্তি অনেক দ্রুত মুক্তি পাচ্ছে।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামিননামা দাখিলের এক ঘণ্টার মধ্যেই একজন হাজতিকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো, ফলে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত ব্যয় ও হয়রানির শিকার হতে হতো। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা এমনকি কয়েক দিনও লেগে যেত।

‘অনলাইন ব্যবস্থার মাধ্যমে কে কখন স্বাক্ষর করেছেন, তার পূর্ণাঙ্গ ডিজিটাল রেকর্ড থাকবে। এতে ইচ্ছাকৃত বিলম্বের সুযোগ থাকবে না,’ যোগ করেন তিনি।

আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা চালু করা হবে।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জে এই উদ্যোগ সফলভাবে চলছে এবং এখন আরও আটটি জেলায় সম্প্রসারিত হওয়ায় এই সেবা বন্ধ হওয়ার কোনো কারণ নেই।

‘আমাদের হাতে এখনো কিছুটা সময় রয়েছে, এর মধ্যে আমরা আরও কয়েকটি জেলায় সেবাটি চালুর চেষ্টা করব,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

হুমকির মুখে জলাভূমির নীরব প্রহরী

গ্রামাঞ্চলে প্রায়ই একটি প্রাণীকে ঘিরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে।...

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির ‘এহসার’ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন নব্য জামাআতুল...

একটি দল নারীদের ঘরে বন্দি রাখতে চায়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের...

শেরপুরে বিএনপি নেতাদের জামিনে ক্ষুব্ধ জামায়াত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত...