ইসরায়েলের পাশে থাকবে ভারত, বললেন মোদি

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে এখন ইসরায়েলে রয়েছেন। তিনি দেশটির পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি দৃঢ় সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের বাণিজ্য ও সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসরায়েল সফরে গিয়ে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন। এই সফর নিয়ে ভারতের অভ্যন্তরেই সমালোচনা হচ্ছে।

পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদি বলেন, ৭ অক্টোবরের হামলায় যারা জীবন হারিয়েছেন এবং যেসব পরিবারের জীবন বিপর্যস্ত হয়েছে, তাদের জন্য ভারতের জনগণের গভীর শোকবার্তা আমি সঙ্গে করে এনেছি।

তিনি বলেন, আমরা আপনাদের যন্ত্রণা বুঝি, আপনাদের দুঃখে সমব্যথী। এই কঠিন সময়ে ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনির কথা মোদি তার ভাষণে সরাসরি উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ভারত টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখে এমন সব প্রচেষ্টাকে সমর্থন করে।

মোদি ইসরায়েলি আইনপ্রণেতাদের আরও বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং ইসরায়েলের উদ্ভাবনী নেতৃত্ব আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছে।

তিনি বিশেষভাবে কোয়ান্টাম প্রযুক্তি, চিপ শিল্প ও এআই খাতে দুই দেশের মধ্যে জোরালো সমন্বয়ের সুযোগের কথাও তুলে ধরেন।

নেতানিয়াহু মোদিকে বলেন, ভারত ইসরায়েলকে সমর্থন করে। কারণ ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে একটি প্রাচীর হিসেবে ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, তার সফর দুই দেশের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করছেন নরেন্দ্র মোদি।

বন্ধুত্বের বার্তা

বুধবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং উড়োজাহাজ থেকে নামার পর নেতানিয়াহু তাকে আলিঙ্গন করে স্বাগত জানান।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র বেড্রোসিয়ান এক ভিডিও বার্তায় বলেন, দুই নেতার মধ্যে বিশেষ এবং ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।  ইসরায়েল ও ভারতের মধ্যে বন্ধন দৃঢ়—আমরা উদ্ভাবন, নিরাপত্তা এবং সমন্বিত কৌশলগত দৃষ্টিভঙ্গিতে একসঙ্গে কাজ করি।

নেতানিয়াহুর দপ্তর জানায়, স্বাগত অনুষ্ঠানের পর দুই রক্ষণশীল নেতার ব্যক্তিগত বৈঠক হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ককে ‘সত্যিকারের বন্ধুত্ব’ বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি জানান, তাদের মধ্যে চমৎকার বৈঠক হয়েছে।  তিনি লেখেন, আমরা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

সফরে মোদির ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
নয়াদিল্লি মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক স্বার্থের ভারসাম্য বজায় রেখে প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা খাতে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ক্রমাগত বাড়িয়েছে।

ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার নয়াদিল্লিতে ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৪-২০২৫ সালে দুই দেশের পণ্য বাণিজ্য ৩ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

১৯৯২ সালে দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এই সম্পর্ক আরও গভীর হয়।

দেশে সমালোচনা

মোদি প্রথমবার ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন এবং এর পরের বছর নেতানিয়াহু ভারত সফর করেন।

২০২৩ সালে নয়াদিল্লিতে রেলওয়ে, বন্দর, বিদ্যুৎ, ডেটা নেটওয়ার্ক এবং পাইপলাইন সংযোগের জন্য ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ গঠনের বিশাল পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল।

তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং পরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হলে সেই পরিকল্পনা থমকে যায়।

২০১৭ সালে ইসরায়েল সফরের কয়েক মাস পর মোদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র রামাল্লা সফর করেছিলেন।

তবে তার এবারের ইসরায়েল সফর ভারতে সমালোচনার জন্ম দিয়েছে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি আশা করেছিলেন মোদি তার ভাষণে গাজায় হাজার হাজার নিরীহ পুরুষ, নারী ও শিশু হত্যার কথা উল্লেখ করবেন।

১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত হিন্দুপ্রধান হলেও সেখানে আনুমানিক ২২ কোটি মুসলিম বসবাস করেন। ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ ইসরায়েলের হাইফা বন্দর পরিচালনা করছে।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি সামরিক ড্রোন প্রযুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছিল।

Popular

More like this
Related

শেফার্ড-হোল্ডার জুটিতে বিশ্ব রেকর্ড

আগ্রাসী শুরু করলেও একের পর এক উইকেট হারিয়ে চরম...

ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ী গভর্নর হিসেবে কতটা নির্মোহ হবেন, প্রশ্ন টিআইবির

নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ী...

আখ সংকটে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলস

আখ সংকটে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই নাটোরের লালপুরে...

মা-বাবা বেঁচে থাকলে ভীষণ গর্বিত হতেন: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নায়িকা ববিতা আজ একুশে পদক পেয়েছেন।...