ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

Date:

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার তিনি লিখেছেন, ‘হরমুজ প্রণালি দখল করুন, নিজেদের তেল নিজেরাই এসে নিয়ে যান।’ তারপরও তার ডাকে সাড়া নেই কারও।

এরমধ্যেই রয়টার্স এক পশ্চিমা কূটনীতিক ও বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকান অস্ত্র পরিবহনের উদ্দেশ্যে ইসরায়েলকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি।

সূত্রগুলো জানায়, ইরান সংঘাত শুরুর পর এই সপ্তাহান্তে প্রথমবার ফ্রান্স এমন পদক্ষেপ নিল।

এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্সি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে রয়টার্স।

এর তীব্র সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’

ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি।

এর আগে, ইতালি সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণ করে মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে মার্কিন সামরিক বিমানগুলোকে অনুমতি দেয়নি।

পরে এক সূত্র রয়টার্সকে জানায়, ইতালি গত ২৭ মার্চ এই অনুমতি দিতে অস্বীকার করে।

এ ঘটনায় দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়, ‘সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনগুলোর প্রসঙ্গে সরকার পুনরায় জানাচ্ছে যে, ইতালি বিদ্যমান আন্তর্জাতিক চুক্তি এবং সংসদের কাছে সরকারের নির্ধারিত নীতিমালা পুরোপুরি মেনে চলে।’

এতে আরও বলা হয়, এসব স্থাপনা ব্যবহারের সব অনুরোধ ‘প্রতিটি ক্ষেত্রে সতর্কভাবে, আলাদাভাবে পর্যালোচনা করা হয়’ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ‘কোনো গুরুতর সমস্যা বা উত্তেজনা নেই।’

‘বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় এবং পূর্ণ ও আন্তরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।’

এ বিষয়েও রোমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

Popular

More like this
Related

ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে আবারও নতুন করে উত্তেজনা তৈরি...

নতুন বাজেটে চালু হতে পারে উত্তরাধিকার কর, কমবে কর অব্যাহতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত...

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির...