ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন।
সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য জানিয়েছেন বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।
তিনি বলেন, ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট কোনো সামরিক কর্মকাণ্ডে স্পেন তাদের আকাশসীমা বা যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
স্প্যানিশ পত্রিকা এল পাইস একটি সামরিক সূত্রের বরাতে প্রথম এই সিদ্ধান্তের খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে।
সরকারের এই পদক্ষেপকে আগের অবস্থানের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো। রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, স্পেন একতরফা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো যুদ্ধে জড়াতে চায় না।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগে থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করে আসছেন। তিনি এসব হামলাকে ‘বেপরোয়া’ ও ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা, বিশেষ করে ন্যাটো জোটের ভেতরে সামরিক সমন্বয়ের প্রশ্নে।