ইতালির রোমাঞ্চকর লড়াই থামিয়ে বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ইতালির দুর্দান্ত লড়াই সামলে সুপার এইটে পৌঁছে গেছে ইংল্যান্ড। সোমবার কলকাতায় ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেও নামেভারে অনেক পিছিয়ে থাকা ইতালি অবিশ্বাস্য জয়ের আশা জাগায়। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে তাদেরকে ২৪ রানে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ড।

উইল জ্যাকস তাণ্ডব চালিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি তুলে নেন। তার ব্যাটে চড়ে ইংল্যান্ড ৭ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে জাস্টিন মোস্কা, বেন ম্যানেন্টি ও গ্র্যান্ট স্টুয়ার্টের লড়াকু ইনিংসে ভর করে পুরো ওভার খেলে ১৭৮ রানে থামে ইতালি।

এই জয়ের ফলে গ্রুপ ‘সি’ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। তাদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত সুপার এইটের টিকিট পেয়ে গেছে।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের অধিকাংশ ব্যাটার ভালো শুরু পেলেও একমাত্র জ্যাকস সেটাকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেন, কারণ ইতালি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়। সাতে নামা জ্যাকস মাত্র ২১ বলে ফিফটি পূর্ণ করেন। ফলে তিনি ২০১২ সালে ক্যান্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েন মরগ্যানের করা ২৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন।

জস বাটলার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩০ রানের গণ্ডি পেরোতে না পারার ধারাবাহিকতা বজায় রেখে ব্যর্থ হন। আরেক ওপেনার ফিল সল্ট দ্রুত ১৫ বলে ২৮ রান করলেও বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন। এরপর যখন জ্যাকব বেথেল বিদায় নেন, তখন অষ্টম ওভারে ৬৭ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছিল ইংল্যান্ড।

ব্রুক ৯ বলে ১৪ ও টম ব্যান্টন ২১ বলে ৩০ রান করে থামলে চাপ আরও ঘনীভূত হয়। তখন জ্যাকস দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি স্যাম কারানের সঙ্গে ২৫ বলে ৫৪ ও জেমি ওভারটনের সঙ্গে ১৬ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন। জ্যাকস তিনটি চার ও চারটি ছক্কায় জ্যাকস অপরাজিত থাকেন ২২ বলে ৫৩ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইতালি। জোফ্রা আর্চার প্রথম ওভারেই অ্যান্থনি মোস্কা ও জেজে স্মাটসকে সাজঘরে পাঠিয়ে জোড়া শিকার ধরেন। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর উইকেটরক্ষক বাটলার চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ ধরেন। ওভারটনের বলে ইতালিয়ান অধিনায়ক হ্যারি ম্যানেন্টির শটটি তিনি লাফিয়ে উঠে এক হাতে তালুবন্দি করেন।

২২ রানে ৩ উইকেট পড়ার পর বেন খেলেন টর্নেডো ইনিংস। ২২ বলে ফিফটি ছুঁয়ে তিনি ২৫ বলে ৬০ রান করে ইতালিকে ম্যাচে ফেরান। তার ব্যাট থেকে আসে চারটি চার ও ছয়টি ছক্কা। ব্যান্টনের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি জাস্টিনের সঙ্গে ৪৮ বলে ৯২ রানের বিধ্বংসী জুটি গড়েন।

১৫তম ওভারে আদিল রশিদের বলে ওপেনার জাস্টিন আউট হন। তিনি ৩৪ বলে করেন ৪৩ রান। তখন মনে হয়েছিল, ২০৩ রানের রেকর্ড তাড়া করার স্বপ্ন শেষ হয়ে গেছে দলটির। কিন্তু স্টুয়ার্ট দুটি চার ও পাঁচটি ছক্কায় ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলে লড়াই টিকিয়ে রাখেন। তাই এই টুর্নামেন্টের সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের দল হওয়া সত্ত্বেও তারা অবিশ্বাস্য এক জয়ের পথে ছিল।

রশিদের করা ১৭তম ওভারে স্টুয়ার্ট ও যশপ্রীত সিং মিলে ২১ রান তুলে নেন, যার মধ্যে তিনটি ছক্কা ছিল। এতে শেষ ১২ বলে ইতালির জয়ের জন্য দরকার দাঁড়ায় ৩০ রান। কিন্তু সেই চাহিদা মেলাতে না পেরে ম্যাচের শেষ বলে অলআউট হয় তারা।

Popular

More like this
Related

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া হয়েছে: আসিফ নজরুল

জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের...

আদালতের নতুন আদেশ, ঋণখেলাপি তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল

ঋণখেলাপি তালিকা থেকে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান...

জনসমক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা জানালেন টুঙ্গিপাড়ার বিএনপি প্রার্থী

জনসমক্ষে নিজের নিরাপত্তা ঝুঁকির কথা বলে পাঞ্জাবির বোতাম খুলে...

মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম-পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের...