দেশের অষ্টাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস (কাজল)।
আজ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) ভবনে নিজের চেম্বারে বসে ব্যারিস্টার রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, আমার নিয়োগের প্রজ্ঞাপনের একটি অনুলিপি আমি দেখেছি। এ ছাড়া আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আমাকে ফোনে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই আমি নিয়োগপত্র হাতে পাব।
রুহুল কুদ্দুস বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য। তিনি এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী রুহুল কুদ্দুস ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।