বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই বদল নিয়ে নামল ভারত, বাড়াল ব্যাটিং শক্তিও। সিদ্ধান্তটি কাজেও দিল দারুণভাবে। ছন্দ হারানো অভিষেক শর্মা নিজেকে ফিরে পেলেন, আর হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে দল পৌঁছে গেল আড়াইশ ছাড়ানো সংগ্রহে। বাকিরাও রাখলেন কার্যকর ভূমিকা। তাদের ব্যাটে ভর করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ভারত।
চেন্নাইতে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রান করেছে ভারত। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৫৪ রান করে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ পুঁজির রেকর্ড। কেনিয়ার বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার করা ২৬০ রান থেকে মাত্র সামান্য দূরে থামল তারা।
৩০ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অভিষেক, স্লগ ওভারে নেমে ২৩ বলে অপরাজিত ৫০ করেন হার্দিক। ইশান কিশান ২৪ বলে ৩৮ ও সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। ওপেন করতে নেমে একাদশে ফেরা সঞ্জু স্যামসন করেন ১৫ বলে ২৪ রান। হার্দিকের সঙ্গে শেষ পর্যন্ত টিকে থেকে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক বর্মা। তিনিও রান খরায় ছিলেন, তবে দলের প্রয়োজনে ঠিকই ঘুরে দাঁড়ালেন এই বাঁহাতি ব্যাটার।