অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের নদীতে সাপ-কুমির ছাড়ার কথা ভাবছে ভারত

Date:

অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তের নদ-নদীতে সাপ ও কুমির ছাড়ার কথা বিবেচনা করছে ভারত।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বরাতে আজ বুধবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ অনেকাংশে ভারত দ্বারা বেষ্টিত এবং দুই দেশের যৌথ সীমান্ত ৪ হাজার কিলোমিটারের বেশি।

এই সীমান্তের বিশাল একটি অংশ দিয়ে নদী বয়ে গেছে এবং এসব জায়গায় কোনো কাঁটাতারের বেড়া নেই।

বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা মনোজ বার্নওয়াল এএফপিকে বলেন, ‘ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে “সরীসৃপ ব্যবহারের” বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশের সীমান্ত সংলগ্ন কলকাতায় দায়িত্বরত ডেপুটি ইনস্পেক্টর জেনারেল বার্নওয়াল বলেন, ‘আমাদের বলা হয়েছে সীমান্তের অরক্ষিত নদীপথগুলোতে সাপ বা কুমির জাতীয় সরীসৃপ ছাড়ার সম্ভাব্যতা যাচাই করতে। পরিকল্পনাটি মূলত বন্যাপ্রবণ এলাকার কাঁটাতারহীন সীমানার জন্য।’

‘যেসব জায়গায় অন্যান্য সীমান্তের মতো কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় কিংবা দিলেও কার্যকর হবে না, সেখানে কুমির ও সাপের মতো প্রাকৃতিক প্রতিবন্ধক ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে,’ বলেন তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্তের একটা অংশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মধ্য দিয়ে অতিক্রম করেছে।

বার্নওয়াল বলেন, ‘এটি একটি অভিনব সিদ্ধান্ত। তবে এতে বেশ কিছু চ্যালেঞ্জ এবং নিরাপত্তা উদ্বেগ রয়েছে। এই সাপ-কুমির কোথায় পাওয়া যাবে? নদীর পাড়ে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দাদের ওপর এর কী প্রভাব পড়বে?’

‘আমরা মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে নতুন এই সিদ্ধান্তের সম্ভাব্যতা যাচাই করে যত দ্রুত সম্ভব রিপোর্ট পাঠাতে বলেছি,’ যোগ করেন এই কর্মকর্তা।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে বাংলাদেশ সীমান্তের ফিল্ড ইউনিটগুলোতে একটি চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, যেসব এলাকায় অবকাঠামো দিয়ে প্রতিবন্ধকতা তৈরি কঠিন, সেখানকার জন্য সম্ভাব্য ব্যবস্থার মূল্যায়ন করতে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ওই চিঠির বক্তব্য সম্পর্কে বলেছে, সরীসৃপ ব্যবহার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ভারতের কাছে সীমান্তের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কিছু অংশ বেশ ঝুঁকিপূর্ণ। এসব রাজ্যের সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়া, চীনের মত ‘সংলাপেই সমাধান’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে...

চীনের হামলা ঠেকাতে তাইওয়ানের রোবট কুকুর

দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাইওয়ানের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে টহল দেওয়া...

মূল্যস্ফীতির চাপে ঈদুল আজহায় বিক্রি কমেছে, পোশাক ও জুতা ব্যবসায়ীরা হতাশ

দেশের পোশাক ও জুতার খুচরা বিক্রেতারা এবার ঈদুল আজহার...

বদলি নেমে অমরত্ব ছুঁয়ে ফেলা গোটজে

একটা গোল কখনো কখনো মানুষের পুরো জীবনটা বদলে দেয়।...